×
ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

শেয়ারবাজার কারসাজির অভিযোগে সিটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের নাম

২০২৬ নভেম্বর ১৫ ১৮:১০:২৫
শেয়ারবাজার কারসাজির অভিযোগে সিটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের নাম

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকভুক্ত বেসরকারি খাতের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান সিটি ব্যাংকে বড় ধরনের শেয়ার কারসাজির চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ব্যাংকটির তিন উপব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) মোট পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে নিজেদের বিনিয়োগ তহবিল অপব্যবহার করে ব্যক্তিগত মুনাফা অর্জনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তদন্তে এই জালিয়াতির চিত্র স্পষ্ট হয়েছে।

তদন্ত প্রতিবেদনে জানা গেছে, ব্লক মার্কেটে বিশেষ লেনদেন ও 'কাউন্টারপার্টি ট্রেডিংয়ের' মারপ্যাচে ব্যাংকের নিজস্ব মূলধন ব্যবহার করা হয়েছে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত কর্মকর্তারা কম দামে শেয়ার কিনে পরবর্তীতে চড়া দামে সেগুলো সরাসরি ব্যাংকের তহবিলের কাছেই বিক্রি করেছেন। এতে একদিকে যেমন ব্যাংকটির বিনিয়োগ তহবিল আর্থিক ক্ষতির মুখে পড়েছে, অন্যদিকে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন ওই শীর্ষ কর্মকর্তারা।

আন্তর্জাতিক অঙ্গনে নানা পুরস্কার ও স্বীকৃতি পাওয়া সিটি ব্যাংকের সুশাসন ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে এই ঘটনায় বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে গত বছর যেখানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক 'সিইও অব দ্য ইয়ার' নির্বাচিত হয়েছেন, ঠিক সেই সময়ে খোদ শীর্ষ কর্মকর্তাদের এমন অনিয়মে জড়ানো বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এই পুরো কেলেঙ্কারির মূল সূত্রপাত ঘটেছিল ব্যাংকটির তৎকালীন ক্যাপিটাল মার্কেট পোর্টফোলিও ম্যানেজার মো. সানোয়ার খানের কার্যক্রমের মাধ্যমে। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিজেদের বিও হিসাব ব্যবহার করে ব্যাংকের তহবিলের সঙ্গে সরাসরি কাউন্টারপার্টি ট্রেডিংয়ে লিপ্ত হন। অগ্নি সিস্টেমসসহ বিভিন্ন কোম্পানির শেয়ার কম দামে কিনে ব্যাংকের কাছে চড়া দামে বিক্রি করে তাঁরা কোটি টাকার বেশি অনৈতিক মুনাফা হাতিয়ে নেন বলে প্রমাণ পেয়েছে বিএসইসি। পরবর্তীতে এই ঘটনায় সানোয়ার খানকে চাকরিচ্যুত করা হলেও ব্যাংকটির পক্ষ থেকে অন্যান্যদের বিষয়ে জোরালো কোনো পদক্ষেপ দেখা যায়নি।

সবচেয়ে বেশি আলোচনার সৃষ্টি করেছে ব্যাংকটির তিন ডিএমডির সরাসরি কারসাজিতে জড়িয়ে পড়ার বিষয়টি। তদন্তে দেখা গেছে, ডিএমডি এ কে এম সাইফ উল্লাহ কাওছার লাভেলো আইসক্রিম, মিডল্যান্ড ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন করে প্রায় ২৩ লাখ টাকার মতো অন্যায্য মুনাফা তুলেছেন। একই কায়দায় অপর দুই ডিএমডি মোহাম্মদ মাহমুদ গনি ও মো. আশানুর রহমানও লাখ লাখ টাকা ব্যক্তিগত লাভ করেছেন বলে তথ্য রয়েছে। অথচ সানোয়ার খানকে নানা অংকের জরিমানা এবং সিটি ব্যাংককে নামমাত্র ১ লাখ টাকা জরিমানা করা হলেও, অভিযুক্ত এই তিন ডিএমডির বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম জানিয়েছেন যে তদন্তের ভিত্তিতেই জরিমানা করা হয়েছে এবং সিটি ব্যাংকের করা রিভিউ আবেদন বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খান আশ্বস্ত করেছেন যে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে এসব অনিয়মের বিরুদ্ধে নিয়মতান্ত্রিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে