×
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

স্কুল-কলেজ-মাদরাসার ছাত্রীদের জন্য সুখবর

২০২৬ নভেম্বর ২১ ১৩:২৯:৫৯
স্কুল-কলেজ-মাদরাসার ছাত্রীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ছাত্রীদের জন্য সর্বজনীনভাবে ১০০ শতাংশ উপবৃত্তি চালুর নির্দেশনা জারি করা হয়েছে। উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থী বা তার অভিভাবকের ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে পাঠানো হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক গত ১৮ নভেম্বর এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন।

নির্দেশনায় বলা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের জন্য ১০০ শতাংশ উপবৃত্তি কার্যক্রম চালু করা হবে। তবে ছাত্রদের ক্ষেত্রে বিদ্যমান নিয়মে উপবৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, উপবৃত্তির অর্থ জিটুপি (Government to Person) পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থী বা অভিভাবকের হিসাবে পাঠানো হবে। এজন্য অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে।

যেসব ছাত্রীর নাম ইতোমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে অন্তর্ভুক্ত রয়েছে অথবা যারা আগে থেকেই উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই। তবে উপবৃত্তি না পাওয়া ছাত্রীদের কিংবা তাদের অভিভাবকদের নতুন হিসাব খুলতে হবে।

শিক্ষার্থীর অভিভাবক হিসেবে বাবা অথবা মাকে বিবেচনা করা হবে। বাবা-মা কেউ জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা অথবা নানির মধ্যে যেকোনো একজনকে বিকল্প অভিভাবক হিসেবে নির্বাচন করা যাবে।

বাবা বা মায়ের নামে তফসিলি ব্যাংক কিংবা এজেন্ট ব্যাংকিংয়ে অনলাইন হিসাব থাকলে সেই হিসাবের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণ করা যাবে। নতুন হিসাব খুললেও একইভাবে উপবৃত্তি পাওয়া যাবে। তবে আবেদনপত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে অভিভাবক হিসেবে উল্লেখ করতে হবে।

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণের ক্ষেত্রে বিশেষ শর্ত দিয়েছে সরকার। নির্দেশনা অনুযায়ী, বাবা অথবা মা জীবিত থাকলেই শিক্ষার্থী মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে উপবৃত্তির টাকা নিতে পারবে।

এ ক্ষেত্রে যাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে এবং ওই ব্যক্তির নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে। অর্থাৎ, বাবার এনআইডি দিয়ে সিম নিবন্ধন করলে বাবার এনআইডি ব্যবহার করেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।

হিসাব খোলার সময় কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) ফরম পূরণ করে অনলাইনে জমা দিতে হবে। নির্ধারিত নিয়ম অনুসরণ না করলে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না।

কোনো শিক্ষার্থীর বাবা-মা এবং বিকল্প অভিভাবক হিসেবে উল্লেখিত আপন ভাই-বোন, দাদা-দাদি, নানা-নানির কেউ না থাকলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় একজনকে অভিভাবক হিসেবে উল্লেখ করে প্রত্যয়নপত্র দেবেন। তথ্য এন্ট্রির সময় ওই প্রত্যয়নপত্র এইচএসপি-এমআইএস সফটওয়্যারে আপলোড করতে হবে।

এ ধরনের শিক্ষার্থীরা কেবল নিজেদের নামে তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে পারবে। স্কুল ব্যাংকিং হিসাব শিক্ষার্থীর নামেই খুলতে হবে। তবে শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে স্কুল ব্যাংকিং হিসাব স্থগিত হয়ে যায়। এ ক্ষেত্রে নিজের নামে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে সংশ্লিষ্ট হিসাব হালনাগাদ করতে হবে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করার বিষয়েও নির্দেশনা দিয়েছে সরকার। সাধারণ ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অনুমতিপ্রাপ্ত এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) দেওয়া ইআইআইএন নম্বরধারী প্রতিষ্ঠান এ কর্মসূচিতে যুক্ত হতে পারবে।

এ জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালকের কাছে আবেদন করতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে প্রথমবার প্রবেশের জন্য কর্মসূচিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করে নতুন পাসওয়ার্ড তৈরি ও ইউজার অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।

উপবৃত্তি-সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে [email protected] ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের বিষয়টি অবহিত করা এবং পুরো কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করার দায়িত্ব দেওয়া হয়েছে। উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে বিষয়টিকে অতীব জরুরি বলে উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে