×
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

জমির মালিকদের জন্য জরুরি তথ্য, দিন-রাত চালু ভূমি সেবা

২০২৬ নভেম্বর ২১ ১৬:২০:৪০
জমির মালিকদের জন্য জরুরি তথ্য, দিন-রাত চালু ভূমি সেবা
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: জমির নামজারি, খতিয়ান সংগ্রহ, ভূমি উন্নয়ন কর পরিশোধ, জমির রেকর্ড সংশোধন কিংবা জমি অধিগ্রহণ নিয়ে নানা সমস্যায় পড়েন সাধারণ মানুষ। এসব সমস্যা সমাধানে এখন ফোনেই পাওয়া যাবে ভূমিসেবা-সংক্রান্ত তথ্য, পরামর্শ ও অভিযোগ জানানোর সুযোগ। ভূমি মন্ত্রণালয়ের ভূমি সেবা হটলাইন ১৬১২২ নম্বরে ফোন করে নাগরিকেরা বিভিন্ন ধরনের ভূমিসেবা সম্পর্কে জানতে পারবেন।

ভূমি সেবা হটলাইনের মাধ্যমে জমির মালিকানা-সংক্রান্ত কাগজপত্র, সরকারি ফি, অনলাইনে আবেদন, ভূমি অফিসের কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়া যায়। ভূমিসেবা নিতে গিয়ে কোনো জটিলতা, হয়রানি কিংবা সমস্যার মুখোমুখি হলেও এই নম্বরে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। ২০২৬ সালের অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকায় ভূমিসেবা-সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে।

নামজারি ও জমাখারিজ সংক্রান্ত সেবা

জমি কেনার পর নতুন মালিকের নামে জমির রেকর্ড হালনাগাদ করতে নামজারি বা জমাখারিজ করতে হয়। এ প্রক্রিয়ায় কীভাবে আবেদন করতে হবে, কী কী কাগজপত্র প্রয়োজন, সরকারি ফি কত এবং আবেদন করতে কোন নিয়ম অনুসরণ করতে হবে, এসব বিষয়ে ১৬১২২ নম্বরে ফোন করে জানা যাবে।

নামজারি আবেদন করতে গিয়ে কোনো জটিলতা দেখা দিলে কিংবা আবেদন-সংক্রান্ত তথ্য জানতে চাইলে হটলাইন থেকে পরামর্শ নেওয়া যাবে। এতে ভূমি অফিসে গিয়ে তথ্য সংগ্রহের ভোগান্তি কমাতে পারবেন সেবাগ্রহীতারা।

ভূমি উন্নয়ন কর ও খাজনা পরিশোধ

জমির ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের নিয়ম সম্পর্কেও হটলাইনে সহায়তা পাওয়া যাবে। অনলাইনে খাজনা দেওয়ার পদ্ধতি, নতুন হোল্ডিং খোলা, হোল্ডিং অনুমোদন, করের পরিমাণ নির্ধারণ এবং ভুল করের দাবি সংশোধনের বিষয়ে তথ্য দেওয়া হবে।

এ ছাড়া ভূমি উন্নয়ন কর পরিশোধের পর দাখিলা সংগ্রহ করতে সমস্যা হলে কিংবা অনলাইন ব্যবস্থায় কোনো জটিলতা দেখা দিলে ১৬১২২ নম্বরে যোগাযোগ করা যাবে।

খতিয়ান ও পর্চা সংগ্রহ

জমির মালিকানা ও রেকর্ড যাচাইয়ের জন্য সিএস, এসএ, আরএস ও বিএস জরিপের খতিয়ান বা পর্চা প্রয়োজন হয়। এসব খতিয়ান সংগ্রহের নিয়ম, সার্টিফায়েড কপি পাওয়ার প্রক্রিয়া এবং ভূমি রেকর্ড-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে হটলাইন থেকে তথ্য ও পরামর্শ নেওয়া যাবে।

খতিয়ান সংগ্রহ করতে গিয়ে আবেদন প্রক্রিয়া বুঝতে অসুবিধা হলে কিংবা রেকর্ড-সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিলে ফোনের মাধ্যমে সহায়তা চাওয়ার সুযোগ রয়েছে।

মৌজা ম্যাপ ও জমির নকশা

জমির সঠিক অবস্থান শনাক্ত করা, মৌজা ম্যাপ সংগ্রহ কিংবা নকশায় জমির অবস্থান বুঝতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। এ ধরনের ক্ষেত্রে মৌজা ম্যাপ সংগ্রহের নিয়ম, নকশার বিভিন্ন তথ্য বোঝা, জমির অবস্থান নির্ধারণ এবং জরিপ-সংক্রান্ত বিষয়ে ভূমি সেবা হটলাইন থেকে পরামর্শ পাওয়া যাবে।

ভূমি জরিপ ও রেকর্ড সংশোধন

জমির মাঠজরিপ, জরিপের তথ্য যাচাই এবং রেকর্ডে ভুল থাকলে তা সংশোধনের বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে ১৬১২২ নম্বরে। আদালতের আদেশ অনুযায়ী ভূমি রেকর্ড সংশোধন এবং জমির শ্রেণি পরিবর্তন-সংক্রান্ত বিষয়েও সেবাগ্রহীতারা পরামর্শ নিতে পারবেন।

জমির রেকর্ডে ভুল তথ্য থাকলে সংশোধনের প্রক্রিয়া, আবেদন এবং সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম সম্পর্কেও এই হটলাইনে জানা যাবে।

জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ

সরকারি প্রয়োজনে কোনো জমি অধিগ্রহণ বা হুকুমদখল করা হলে জমির মালিকদের ক্ষতিপূরণ নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দেয়। ক্ষতিপূরণ নির্ধারণ, অর্থ পরিশোধ এবং অধিগ্রহণ-সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে তথ্য ও পরামর্শ পাওয়া যাবে ভূমি সেবা হটলাইনে।

খাসজমি ও জলমহাল বন্দোবস্ত

খাস কৃষিজমি ও অকৃষি জমির বন্দোবস্ত, এসব জমির জন্য আবেদন এবং জলমহালসহ বিভিন্ন সায়রাত মহাল ইজারা নেওয়ার প্রক্রিয়া সম্পর্কেও নাগরিকেরা জানতে পারবেন।

এ ছাড়া এসব বিষয়ে আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র এবং সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম নিয়ে হটলাইনে যোগাযোগ করে সহায়তা নেওয়া যাবে।ভূমি রাজস্ব মামলা ও অন্যান্য সেবা

ভূমি রাজস্ব মামলার বিভিন্ন কার্যক্রম, মামলার আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহসহ ভূমি প্রশাসনের নানা বিষয়ে তথ্য ও পরামর্শ পাওয়া যাবে এই নম্বরে।

এর বাইরে অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, ইজারা, বন্দোবস্ত এবং ভূমি প্রশাসনের অন্যান্য সেবা সম্পর্কেও সহায়তা নেওয়ার সুযোগ রয়েছে।

২৪ ঘণ্টা চালু ভূমি সেবা হটলাইন

ভূমি সেবা হটলাইন ১৬১২২ সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা চালু থাকে। ফলে সরকারি ছুটির দিন কিংবা রাতেও ভূমিসেবা-সংক্রান্ত তথ্য জানতে, পরামর্শ নিতে অথবা অভিযোগ জানাতে ফোন করা যাবে।

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্যও রয়েছে আলাদা যোগাযোগ নম্বর। দেশের বাইরে থেকে +৮৮০৯৬১২৩১৬১২২ নম্বরে ফোন করে ভূমিসেবা-সংক্রান্ত তথ্য, পরামর্শ ও অভিযোগ জানানো যাবে।

তবে ১৬১২২ নম্বরে ফোন করতে কোনো নির্ধারিত টোল ফ্রি সুবিধা নেই। এই নম্বরে কল করলে মোবাইল অপারেটরের প্রচলিত কলচার্জ প্রযোজ্য হবে। তাই ভূমিসেবা-সংক্রান্ত তথ্য বা অভিযোগ জানাতে ফোন করার সময় কলচার্জের বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে