×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

‘জেড ক্যাটাগরি’ এড়াতে শেয়ারবাজারের ৪৩ দুর্বল কোম্পানির অভিনব কৌশল

২০২৬ নভেম্বর ১১ ১৮:৩৬:৩৯
‘জেড ক্যাটাগরি’ এড়াতে শেয়ারবাজারের ৪৩ দুর্বল কোম্পানির অভিনব কৌশল

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪৩টি দুর্বল ও ধুঁকতে থাকা কোম্পানি আর্থিক সংকট কাটিয়ে উঠতে এবং ‘জেড’ বা ‘বি’ ক্যাটাগরি থেকে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে এক অভিনব পথ বেছে নিয়েছে। চলতি অর্থবছরে (৩০ জুন, ২০২৬) কোম্পানিগুলো কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ডিভেডেন্ড ঘোষণা করলেও স্পন্সর ও পরিচালকরা নিজেদের ডিভেডেন্ড না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে এ পর্যন্ত ১৭০টি তালিকাভুক্ত কোম্পানি ডিভেডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫৬টি কোম্পানি ১০ শতাংশের বেশি এবং ২৮টি কোম্পানি ১০ শতাংশের কম ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এছাড়া ৭টি কোম্পানি ক্যাশ ও স্টক উভয় ডিভেডেন্ড এবং ১টি কোম্পানি শুধু স্টক ডিভেডেন্ড ঘোষণা করেছে। তবে টানা দুই বছর ডিভেডেন্ড দিতে না পারায় অ্যাপেক্স ট্যানারি, আইসিবিসহ ৬টি কোম্পানিকে ইতোমধ্যে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমিত করা হয়েছে। অন্যদিকে ৩৪টি কোম্পানি কোনো ডিভেডেন্ডই ঘোষণা করতে পারেনি।

যে ৪৩টি কোম্পানি কেবল সাধারণ বিনিয়োগকারীদের ডিভেডেন্ড দিচ্ছে, সেগুলোর মধ্যে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, বিদ্যুৎ ও জ্বালানি এবং খাদ্য খাতের মতো বিভিন্ন খাতের প্রতিষ্ঠান রয়েছে। এই ডিভেডেন্ডের হার ০.১০ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৪০.৫ শতাংশ পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে ফার কেমিক্যাল, কাট্টালি টেক্সটাইলসহ বেশ কিছু কোম্পানি মাত্র ০.১০ শতাংশ (১০ টাকার শেয়ারে মাত্র এক পয়সা) ক্যাশ ডিভেডেন্ড ঘোষণা করেছে। অপরদিকে ফাইন ফুডসের ঘোষণা করা ৪০.৫ শতাংশ ডিভেডেন্ড এই তালিকায় সর্বোচ্চ। ভালো অবস্থানে থাকা মেঘনা পেট্রোলিয়াম ২১০ শতাংশ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস ১৩০ শতাংশ ডিভেডেন্ড দিয়ে শীর্ষস্থানগুলোর দখল ধরে রেখেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, কোম্পানিগুলোর জন্য সব শেয়ারহোল্ডারকে ডিভেডেন্ড দেওয়া বাধ্যতামূলক নয়, যার ফলে আর্থিকভাবে সংকটে থাকা প্রতিষ্ঠানগুলো সাধারণ বিনিয়োগকারীদের জন্য নামমাত্র ডিভেডেন্ড ঘোষণা করার সুযোগ পায়। এই কৌশলের মাধ্যমে কোম্পানিগুলো তাদের স্টক এক্সচেঞ্জের লিস্টিং ক্যাটাগরি রক্ষা করতে সক্ষম হয় এবং সাধারণ বিনিয়োগকারীরাও কিছুটা রিটার্ন পান। তবে নামমাত্র ডিভেডেন্ড এবং পরিচালকদের ডিভেডেন্ড ত্যাগ করার বিষয়টি উদ্যোক্তাদের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছে।

বাজার বিশ্লেষকদের মতে, টোকেন বা প্রতীকী ডিভেডেন্ড কোনোভাবেই কোম্পানির উন্নত আর্থিক স্বাস্থ্যের পরিচায়ক নয়। তাই শুধু ডিভেডেন্ড দেখে অন্ধভাবে বিনিয়োগ না করে কোম্পানির প্রকৃত আয়, ক্যাশ ফ্লো, ঋণের বোঝা এবং সামগ্রিক ব্যবসায়িক সম্ভাবনা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। লাভজনক কোম্পানির বড় অংকের ডিভেডেন্ড এবং ধুঁকতে থাকা কোম্পানির এক পয়সা ডিভেডেন্ডের এই ব্যবধান মূলত শেয়ারবাজারের ভঙ্গুর ও অসম আর্থিক স্বাস্থ্যকেই ফুটিয়ে তুলছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে