×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বাংলাদেশের ১/১১-এর নেপথ্যে সমঝোতা : সোনিয়ার বইয়ে নতুন তথ্য

২০২৬ নভেম্বর ১১ ১৭:৩৯:৪৫
বাংলাদেশের ১/১১-এর নেপথ্যে সমঝোতা : সোনিয়ার বইয়ে নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনে তাঁর ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীতে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের ইউপিএ সরকারের অভ্যন্তরীণ রাজনীতির বিভিন্ন বিষয় উঠে এসেছে। অন্যদিকে, প্রণব মুখার্জির নিজের আত্মজীবনীতেও বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদের সঙ্গে তাঁর যোগাযোগের বিষয় উল্লেখ রয়েছে।

সোনিয়ার বইয়ে প্রণবের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা

সোনিয়া গান্ধীর আত্মজীবনী Belonging: A Journey of Love-এ ইউপিএ সরকারের সময়কার রাজনৈতিক ঘটনাপ্রবাহের পাশাপাশি দল ও সরকারের শীর্ষ নেতাদের মধ্যকার সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়েছে।

বইয়ের বর্ণনা অনুযায়ী, মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালে সরকার ও কংগ্রেসের মধ্যে সমন্বয় রক্ষার জন্য গঠিত ‘কোর গ্রুপ’-এর বৈঠক শেষে প্রণব মুখার্জি প্রায়ই সোনিয়া গান্ধীর সঙ্গে একান্তে কথা বলতেন।

২০১০ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে নীতিগত মতপার্থক্য নিয়ে অসন্তোষ প্রকাশের সময় প্রণব পরোক্ষভাবে নেতৃত্বের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন বলে বইয়ে উল্লেখ করা হয়েছে। বিষয়টি বুঝতে পেরে সোনিয়া গান্ধী কৌশলে প্রসঙ্গটি এড়িয়ে যান। এতে প্রণব মুখার্জি হতাশ হয়েছিলেন বলেও আত্মজীবনীর বর্ণনায় উঠে এসেছে।

ভারতের অর্থ, পররাষ্ট্র ও প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাননি প্রণব। ২০১২ সালে তিনি ভারতের ১৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

এক-এগারোর সময় মইন ইউ আহমেদের সঙ্গে যোগাযোগ

বাংলাদেশের ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনেও প্রণব মুখার্জির ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। ওই সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন প্রণব মুখার্জি।

২০১৭ সালে প্রকাশিত তাঁর আত্মজীবনী The Coalition Years (1996–2012)-এ তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদের সঙ্গে যোগাযোগ ও বৈঠকের বিষয় উল্লেখ করা হয়েছে। আলোচিত বর্ণনা অনুযায়ী, শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে মইন ইউ আহমেদকে সেনাপ্রধানের পদে বহাল রাখার বিষয়ে তাঁকে আশ্বস্ত করা হয়েছিল বলে দাবি করা হয়।

পরবর্তী সময়ে ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন। এ ঘটনাপ্রবাহের সঙ্গে প্রণব মুখার্জি ও মইন ইউ আহমেদের কথিত সমঝোতার সম্পর্ক নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক রয়েছে।

বাংলাদেশের রাজনীতিতে প্রভাব নিয়ে বিতর্ক

প্রণব মুখার্জি ও মইন ইউ আহমেদের মধ্যকার যোগাযোগ এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে ভারতের ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে নানা আলোচনা হয়েছে। সমালোচকদের একাংশের অভিযোগ, ওই সময়ের রাজনৈতিক সমীকরণ বাংলাদেশের ওপর ভারতের প্রভাব বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। তবে এসব অভিযোগ ও ঘটনার ব্যাখ্যা নিয়ে রাজনৈতিক মহলে মতভিন্নতা রয়েছে।

২০০৮ সালের নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার টানা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। বাংলাদেশের রাজনীতির এই দীর্ঘ অধ্যায় এবং তৎকালীন আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে