×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ব্যাংক, বিকাশ-নগদসহ আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনে আসছে নতুন ব্যবস্থা

২০২৬ নভেম্বর ১১ ০৮:১৪:০৬
ব্যাংক, বিকাশ-নগদসহ আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনে আসছে নতুন ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করতে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছরের জুলাইয়ে এ ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটি চালু হলে গ্রাহকরা যেকোনো অংশগ্রহণকারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের হিসাব কিংবা মোবাইল ওয়ালেট ব্যবহার করে সহজে অর্থ পাঠাতে ও গ্রহণ করতে পারবেন।

নতুন ব্যবস্থার ফলে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তরের জন্য আলাদা নেটওয়ার্কের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে ব্যক্তি পর্যায়ের লেনদেন, ব্যবসায়িক মূল্য পরিশোধ এবং সরকারি অর্থ বিতরণ আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

আইআইপিএসের মূল লক্ষ্য হলো দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত ডিজিটাল সংযোগ তৈরি করা। এতে গ্রাহকরা নিজ নিজ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। বরং অংশগ্রহণকারী যেকোনো প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি লেনদেন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, সব আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ব্যবস্থার আওতায় আনাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এর ফলে পর্যায়ক্রমে নগদ টাকা উত্তোলন এবং এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তরের প্রয়োজন কমে আসবে।

তিনি বলেন, আইআইপিএস চালু হলে ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ পাঠানো, ব্যবসায়িক লেনদেন, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূল্য পরিশোধ এবং সরকারি অর্থ বিতরণসহ বিভিন্ন ধরনের লেনদেন করা সম্ভব হবে। প্রয়োজনীয় পরিচালনাগত, অর্থ নিষ্পত্তি ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হবে।

গেটস ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় নতুন এ প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এ ক্ষেত্রে ফাউন্ডেশনের ‘মোজালোফ’ উদ্যোগের আওতায় তৈরি উন্মুক্ত সফটওয়্যার ব্যবহার করা হবে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত ডিজিটাল লেনদেন নিশ্চিত করার জন্য এ সফটওয়্যার তৈরি করা হয়েছে।

দেশের বিদ্যমান ডিজিটাল লেনদেন অবকাঠামোর ওপর ভিত্তি করেই আইআইপিএস গড়ে তোলা হবে। বর্তমানে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ২০১২ সাল থেকে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনের সুযোগ দিয়ে আসছে।

তবে বিদ্যমান ব্যবস্থায় সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে একই নেটওয়ার্কে যুক্ত করা সম্ভব হয়নি। বিশেষ করে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত সংযোগ তৈরিতে সীমাবদ্ধতা রয়েছে।

এর আগে ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে আন্তঃসংযোগের মাধ্যমে লেনদেন চালুর নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সে সময় ভ্যাটসহ সর্বোচ্চ লেনদেন মাশুল ব্যাংকের জন্য শূন্য দশমিক ১৫ শতাংশ, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য শূন্য দশমিক ২০ শতাংশ এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের জন্য শূন্য দশমিক ৮৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে অর্থ গ্রহণকারীর কাছ থেকে কোনো মাশুল আদায় না করার নির্দেশনা দেওয়া হয়।

তবে কয়েকটি বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ওই ব্যবস্থায় যুক্ত না হওয়ায় উদ্যোগটি প্রত্যাশিত সাফল্য পায়নি। সিরাজুল ইসলাম বলেন, বিদ্যমান ব্যবস্থাটি প্রত্যাশা অনুযায়ী কার্যকর হয়নি। এ কারণে আর্থিক খাতের সব প্রতিষ্ঠানকে যুক্ত করতে আরও সমন্বিত প্রযুক্তিগত কাঠামো গড়ে তোলা প্রয়োজন।

কেন্দ্রীয় ব্যাংকের আশা, নতুন আইআইপিএসের মাধ্যমে আগের সীমাবদ্ধতা কাটিয়ে আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ব্যাপক সংযোগ স্থাপন করা সম্ভব হবে।

আইআইপিএস শুধু দেশের অভ্যন্তরীণ লেনদেনেই নয়, আন্তর্জাতিক রেমিট্যান্স বিতরণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। অনুমোদিত আন্তর্জাতিক রেমিট্যান্স নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করা গেলে প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত এবং তুলনামূলক কম খরচে উপকারভোগীদের ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে পৌঁছানো সম্ভব হবে।

গত জুলাইয়ে গেটস ফাউন্ডেশনের সহায়তায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ‘বাংলাদেশে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস) বিশ্লেষণ এবং আন্তঃসীমান্ত রেমিট্যান্সের ব্যবহার’ শীর্ষক একটি গবেষণা উদ্যোগ শুরু করে। এতে নীতিনির্ধারক, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা, আর্থিক খাতের প্রতিনিধি ও গবেষকরা অংশ নেন। আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, রেমিট্যান্স পাঠানোর খরচ কমানো এবং আনুষ্ঠানিক আর্থিক চ্যানেলে অর্থের প্রবাহ বাড়াতে আইআইপিএসের সম্ভাবনা নিয়ে তাঁরা আলোচনা করেন।

পিআরআই চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার বলেন, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশ আসে রেমিট্যান্স থেকে। এ অর্থ আনুষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে আনা এবং উৎপাদনশীল বিনিয়োগে ব্যবহারের ওপর তিনি গুরুত্ব দেন।

তবে আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের লেনদেন চালু করতে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব, বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান, অর্থ নিষ্পত্তি ব্যবস্থা এবং অনুমোদিত আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ নিশ্চিত করতে হবে।

নতুন ব্যবস্থার সুফল ব্যক্তি পর্যায়ের গ্রাহকদের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সরকারি কার্যক্রমেও পড়বে বলে আশা করা হচ্ছে। সিরাজুল ইসলাম বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে কাগুজে নোট ছাপানো, পরিবহন, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সরকারের ব্যয় কমবে।

অন্যদিকে ব্যবসায়ীরা নগদ অর্থ ব্যবস্থাপনার খরচ কমানো, হিসাব সংরক্ষণে স্বচ্ছতা এবং দ্রুত লেনদেনের সুবিধা পাবেন। সরকারও বেতন-ভাতা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ ডিজিটাল মাধ্যমে সহজে উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে পারবে।

সাম্প্রতিক বছরগুলোতে মোবাইল আর্থিক সেবা, ইন্টারনেট ব্যাংকিং, ইলেকট্রনিক অর্থ স্থানান্তর এবং কিউআর কোডভিত্তিক লেনদেনের প্রসারে দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারিত হয়েছে। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত নেটওয়ার্ক না থাকায় নির্বিঘ্নে লেনদেনের ক্ষেত্রে এখনো সীমাবদ্ধতা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ধারণা, অভিন্ন প্ল্যাটফর্ম চালু হলে এসব সীমাবদ্ধতা কাটিয়ে আরও সহজ, সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। তবে আইআইপিএসের সফল বাস্তবায়ন নির্ভর করবে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ, প্রযুক্তির নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা, সাশ্রয়ী লেনদেন মাশুল এবং ডিজিটাল আর্থিক সেবার প্রতি মানুষের আস্থার ওপর।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের জুলাইয়ে আইআইপিএস চালুর মাধ্যমে দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। এতে অর্থ লেনদেন আরও দ্রুত, সহজ ও সাশ্রয়ী হওয়ার পাশাপাশি আর্থিক সেবার আওতায় আরও বেশি মানুষকে যুক্ত করার সুযোগ তৈরি হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে