×
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

হাসিনার নতুন পাসপোর্ট নিয়ে চিঠির ভাষা ঘিরে বিতর্ক, মুখ খুললেন প্রেস মিনিস্টার

২০২৬ নভেম্বর ১০ ১৮:২৮:২৯
হাসিনার নতুন পাসপোর্ট নিয়ে চিঠির ভাষা ঘিরে বিতর্ক, মুখ খুললেন প্রেস মিনিস্টার

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে পাঠানো একটি চিঠিকে দেশের বিভিন্ন গণমাধ্যমে ‘আবেদন’ হিসেবে প্রকাশ করায় সমালোচনা করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ও সাংবাদিক সাইদুর রহমান। তাঁর দাবি, লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো চিঠিটি মূলত একটি অনুরোধপত্র; সেখানে সরাসরি শেখ হাসিনার পাসপোর্ট বা এনআইডির আবেদন জমা দেওয়ার কথা বলা হয়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর ভাষ্য, বিদেশি গণমাধ্যমে প্রকাশিত তথ্য যথাযথভাবে যাচাই না করে দেশের বিভিন্ন গণমাধ্যম একই ধরনের শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। এতে প্রকৃত ঘটনা ও চিঠির ভাষার মধ্যে পার্থক্য তৈরি হয়েছে।

সাইদুর রহমানের পোস্টে উল্লেখ করা হয়, গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাউলস কেসি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠান। সেখানে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, সাবেক অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ পরিস্থিতিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে বাংলাদেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার দলিলের বাধ্যবাধকতা অনুযায়ী বিষয়টি দ্রুত প্রক্রিয়া করার কথা বলা হয়েছে। পাশাপাশি এ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নথিপত্র সম্পর্কে হাইকমিশনের কাছে জানতে চাওয়া হয়েছে।

চিঠিতে স্টিভেন পাউলস কেসি নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শদাতা হিসেবে উল্লেখ করেছেন বলে সাইদুর রহমান তাঁর পোস্টে জানান।

প্রেস মিনিস্টার বলেন, চিঠিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ থাকলেও সেটিকে সরাসরি ‘আবেদন’ হিসেবে প্রচার করা হয়েছে। তাঁর প্রশ্ন, একটি অনুরোধসংক্রান্ত চিঠি কীভাবে আনুষ্ঠানিক আবেদন হিসেবে সংবাদে উপস্থাপিত হলো?

তিনি আরও দাবি করেন, ম্যাট্রিক্স চেম্বার্সের কাছ থেকে ইমেইল পাওয়ার আগেই কয়েকজন সাংবাদিক তাঁকে রয়টার্সে প্রকাশিত সংবাদের লিংক পাঠিয়েছিলেন। পরে ওই সংবাদের ভিত্তিতে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রায় একই ধরনের শিরোনামে খবর প্রকাশিত হয়। তাঁর মতে, এ ধরনের সংবাদ প্রকাশের আগে মূল চিঠির বক্তব্য যাচাই করা প্রয়োজন ছিল।

সাইদুর রহমানের ভাষ্য, চটকদার শিরোনাম সাময়িকভাবে পাঠক আকর্ষণ করতে পারে, কিন্তু যাচাই না করা বা আংশিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ দীর্ঘমেয়াদে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার জন্য ক্ষতিকর। সাংবাদিকতার ক্ষেত্রে তথ্যের যথার্থতা, নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর তিনি গুরুত্ব দেন।

ফেসবুক পোস্টে ম্যাট্রিক্স চেম্বার্সের বাংলাদেশ-সংশ্লিষ্ট কর্মকাণ্ড নিয়েও কথা বলেন সাইদুর রহমান। তাঁর দাবি, গত ১৫ মাসে প্রতিষ্ঠানটি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে কাজ করেছে। এর মধ্যে শেখ হাসিনার পক্ষে আবেদন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিরোধিতা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অবস্থান এবং আটক সাবেক সংসদ সদস্যদের পক্ষে কাজ করার বিষয়গুলো উল্লেখ করেন তিনি।

এ ছাড়া শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার যোগ্যতা নিয়ে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন প্রেস মিনিস্টার। তাঁর দাবি, শেখ হাসিনাকে বন্দি বিনিময় প্রক্রিয়ায় দেশে ফেরত আনার প্রচেষ্টাও সরকারের পক্ষ থেকে অব্যাহত রয়েছে।

পোস্টের শেষাংশে সাইদুর রহমান গণমাধ্যমকে রাজনৈতিক পক্ষপাত, আংশিক তথ্য ও ভিউনির্ভর সংবাদ পরিবেশনের প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তাঁর মতে, গণমাধ্যমের দায়িত্ব হলো সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা এবং ক্ষমতাসীন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে যাচাই-বাছাই, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখা জরুরি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে