×
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

কল রিসিভ করলেই সর্বনাশ, জেনে নিন বাঁচার উপায়  

২০২৬ নভেম্বর ০৯ ১৯:০৪:২০
কল রিসিভ করলেই সর্বনাশ, জেনে নিন বাঁচার উপায়  

নিজস্ব প্রতিবেদক: অপরিচিত কোনো নম্বর থেকে ফোন এলো, রিসিভ করতেই ওপাশে শুনশান নীরবতা। কোনো কথা না শুনেই কয়েক সেকেন্ডের মাথায় নিজে থেকেই কেটে গেল কলটি। আপাতদৃষ্টিতে সাধারণ যান্ত্রিক ত্রুটি মনে হলেও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ‘নীরব কল’ (Silent Call) হতে পারে মারাত্মক কোনো প্রতারণার পূর্বপ্রস্তুতি।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন, এই নীরব কলগুলোর পেছনে কাজ করে মূলত ‘অটোমেটিক ডায়ালার’ বা কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট ডায়ালার ব্যবস্থা। বিভিন্ন অনিরাপদ অ্যাপ, অনলাইন শপিং প্ল্যাটফর্ম বা ডেটা লিকের মাধ্যমে পাওয়া কোটি কোটি ফোন নম্বরের ডেটাবেজ ব্যবহার করে প্রতারক চক্র।

অটো ডায়ালারের সাহায্যে একই সঙ্গে হাজার হাজার নম্বরে স্বয়ংক্রিয়ভাবে কল করা হয়। কেউ কল রিসিভ করলেই সিস্টেমটি নিশ্চিত হয়ে যায় যে সংশ্লিষ্ট নম্বরটি সচল (Active) এবং ব্যবহারকারী সক্রিয়। অনেক সময় কল সেন্টারে পর্যাপ্ত অপারেটর না থাকায় ওপাশে সংযোগ পাওয়ার আগেই কয়েক সেকেন্ড নীরব থেকে কলটি কেটে যায়।

একবার কোনো নম্বর সক্রিয় হিসেবে চিহ্নিত হয়ে গেলে প্রতারকদের তালিকায় সেটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর পরবর্তী ধাপে ওই নম্বরে টার্গেট করে পাঠানো হতে পারে— ভুয়া চাকরির লোভনীয় প্রস্তাব, লটারি বা পুরস্কার জেতার ফাঁদ, ব্যাংক কিংবা বিকাশ/নগদ-এর মতো মোবাইল ব্যাংকিং কর্মকর্তা সেজে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা।

নিরাপদ থাকতে করণীয়:এ ধরনের ঝুঁকি এড়াতে প্রযুক্তি বিশেষজ্ঞদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ মেনে চলা উচিত:

১. ফোনের সেটিংস পরিবর্তন:

আইফোন ব্যবহারকারীরা: Settings > Phone-এ গিয়ে ‘Silence Unknown Callers’ অপশনটি চালু করতে পারেন।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা: Phone অ্যাপের Settings থেকে ‘Caller ID & Spam Protection’ এবং স্প্যাম ফিল্টারিং চালু রাখুন অথবা সন্দেহজনক নম্বর ব্লক করুন।

২. সন্দেহজনক নম্বরে সতর্ক থাকুন:

অপরিচিত নম্বর থেকে কল এলে খুব প্রয়োজন না হলে রিসিভ না করাই শ্রেয়।

কোনো কল রিসিভ করার পর নীরব থাকলে কালবিলম্ব না করে সাথে সাথে কেটে দিন।

অদ্ভুত বা আন্তর্জাতিক কোনো অজানা নম্বর থেকে মিসড কল এলে কখনোই ‘কল ব্যাক’ করবেন না।

৩. গোপনীয় তথ্য শেয়ার না করা:

ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) পরিচয় দিয়ে কেউ পিন (PIN), পাসওয়ার্ড বা ওটিপি (OTP) চাইলে তা কখনোই শেয়ার করবেন না। সন্দেহ হলে প্রতিষ্ঠানের অফিশিয়াল হেল্পলাইনে যোগাযোগ করুন।

৪. পরিবারের প্রবীণদের সচেতন করুন:

প্রতারক চক্র সাধারণত বয়স্ক ব্যক্তিদের সরলতা ও ভয়কে পুঁজি করে সহজেই ফাঁদে ফেলে। তাই পরিবারের প্রবীণ সদস্যদের এ বিষয়ে বিস্তারিত বুঝিয়ে বলুন এবং তাঁদের ফোনে প্রয়োজনীয় স্প্যাম প্রোটেকশন চালু করে দিন।

একটি অসতর্ক মুহূর্তে রিসিভ করা কলও সাইবার অপরাধীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হতে পারে। তাই আতঙ্কিত না হয়ে সচেতনতাই পারে ডিজিটাল জালিয়াতি থেকে আপনার অর্থ ও তথ্য সুরক্ষিত রাখতে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর

উ
প
রে