×
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

বিপাকে অনন্ত জলিল, সামনে এলো ২২৬ কোটি টাকার হিসাব

২০২৬ নভেম্বর ০৯ ১৬:৫৩:৫০
বিপাকে অনন্ত জলিল, সামনে এলো ২২৬ কোটি টাকার হিসাব

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকঋণের বিপুল বোঝায় আর্থিক সংকটে পড়েছে চিত্রনায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্তের মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলো। ঋণ পরিশোধে ব্যর্থতা, কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং ব্যাংকের আইনি নোটিশের ঘটনায় তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।

একসময় তৈরি পোশাকশিল্পে বড় বিনিয়োগকারী হিসেবে পরিচিত অনন্ত জলিল গত আড়াই দশকে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন। এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি পোশাকশিল্পে নিজের অবস্থান তৈরি করেন। পরে চলচ্চিত্রে যুক্ত হওয়ার পাশাপাশি স্ত্রী আফিয়া নুসরাত বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে এবি অ্যাপারেলস লিমিটেড নামে আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলেন।

তবে বিভিন্ন সংকটের কারণে ধীরে ধীরে তার একাধিক শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঋণের চাপ বাড়ার পাশাপাশি কারখানা পরিচালনা ও ব্যবসা সচল রাখার ক্ষেত্রেও সমস্যায় পড়েছেন তিনি। প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ১০ হাজারের বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আইনি নোটিশ অনুযায়ী, এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণ পুনঃতফসিলের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রতিষ্ঠানটির ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার টার্ম লোন পুনঃতফসিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংকের অনুকূলে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ জলিল অনন্ত।

তবে ২ নভেম্বর চেকটি ব্যাংকে জমা দেওয়া হলে সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। ব্যাংকের দাবি, ঋণ পুনঃতফসিলের শর্তও ভঙ্গ করা হয়েছে।

নোটিশে অনন্ত জলিল ও খাদিজা পারভীনকে ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে উপযুক্ত আদালতে মামলা করার কথা জানানো হয়েছে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার বিধান উল্লেখ করা হয়েছে।

ব্যাংকের পক্ষে আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঋণ পুনঃতফসিলের পর শর্ত ভঙ্গের বিষয়টি নোটিশে উল্লেখ করা হয়েছে।

ব্যাংকের আইনি নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করে অনন্ত জলিল বলেন, করোনাকালে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে কাজ না থাকলেও শ্রমিকদের বসিয়ে বসিয়ে বেতন-ভাতা দিয়েছেন। ওই ঋণের সুদসহ বর্তমানে দেনার পরিমাণ অনেক বেড়েছে।

ব্যবসা পুনরুদ্ধারের চেষ্টা করেও আশানুরূপ সাড়া পাননি বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ সূত্রগুলো। বিভিন্ন বিনিয়োগকারী ও অংশীদারের সঙ্গে আলোচনা করেছেন তিনি। এমনকি কয়েকজন চীনা ব্যবসায়ী ও উদ্যোক্তার সঙ্গেও কথা বলেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

এদিকে গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এ বিষয়ে অনন্ত জলিল বলেন, ব্যাংকের সহযোগিতা ছাড়া বর্তমান পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।

ব্যবসায়িক সংকটের পেছনে চলচ্চিত্রে সময় দেওয়ার কোনো প্রভাব রয়েছে কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি। তবে করোনা মহামারি, ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন পরিস্থিতিকে বর্তমান সংকটের কারণ হিসেবে উল্লেখ করেছেন।

সব মিলিয়ে ঋণ পুনঃতফসিলের পরও শর্ত ভঙ্গ, বড় অঙ্কের চেক প্রত্যাখ্যাত হওয়া এবং কারখানার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় অনন্ত জলিলের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের পাওনা পরিশোধ না হলে চেক ডিজঅনার মামলা এবং অর্থঋণ আদালতে মামলার মতো আইনি পদক্ষেপের মুখে পড়তে পারে প্রতিষ্ঠানটি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে