×
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গে‌ল

২০২৬ নভেম্বর ০৮ ১১:২৭:৪৩
সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গে‌ল

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাত বাংলাদেশি। নিহতরা তিনটি পরিবারের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। নিহত ও আহত সবাই কক্সবাজার জেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) রাতে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট এ তথ্য নিশ্চিত করেছে। কনস্যুলেটের তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে আল-হিমনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ১৩ জন বাংলাদেশি হতাহত হন।

নিহত সাতজনের মধ্যে জিয়াউর রহমানের পরিবারের চারজন, আলম শাহের পরিবারের দুজন এবং ইলিয়াসের পরিবারের একজন রয়েছেন।

জিয়াউর রহমানের পরিবারের নিহত চারজন হলেন জিয়াউর রহমান, তার মেয়ে বুশরা এবং দুই ছেলে ইয়াসির ও ইয়াযান। দুর্ঘটনায় এ পরিবারের আরও দুজন আহত হয়েছেন। তারা হলেন জিয়াউর রহমানের স্ত্রী শাকিরা ও মেয়ে ইউসরা। শাকিরা খোলাইস জেনারেল হাসপাতালে এবং ইউসরা জেদ্দার কিং আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ আল-হিমনা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

অন্যদিকে, আলম শাহের পরিবারের নিহত দুজন হলেন তার স্ত্রী সানজিদা ও মেয়ে ফারিয়া। তাদের মরদেহ আল-হিমনা ও খোলাইস জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। এ পরিবারের আহত দুজনের মধ্যে আলম শাহ প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তার ছেলে ফায়সাল ইস্ট জেদ্দা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া ইলিয়াসের স্ত্রী আফসানা বিবি এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। কয়েক দিন আগে তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। তার মরদেহ খোলাইস জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আহত ইলিয়াস প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। দুর্ঘটনায় আহত আরেক বাংলাদেশি গফুর আলম খোলাইস জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটি চালাচ্ছিলেন একজন পাকিস্তানি নাগরিক। দুর্ঘটনার সময় গাড়িটির গতিবেগ ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার ছিল বলে প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে। ট্রাফিক অফিসের ধারণা, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। তবে চালকের দাবি, গাড়ির টায়ার ফেটে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। প্রকৃত কারণ নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িতে আল-আবির কোম্পানিতে কর্মরত চার বাংলাদেশি এবং তাদের পরিবারের সদস্যরা ছিলেন। কোম্পানিটির মক্কা শাখার ম্যানেজার সালমান এ তথ্য জানিয়েছেন।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। কনস্যুলেটের কাউন্সেলর (শ্রম) একজন আইন সহকারীকে সঙ্গে নিয়ে খোলাইস ট্রাফিক অফিসে যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

কনস্যুলেট জানিয়েছে, নিহতদের মরদেহ দেশে পাঠানোর পাশাপাশি আহতদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে