×
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

৪০ দিনের কাজ এক দিনে: ব্র্যাক ব্যাংকের ডিজিটাল বিপ্লব

২০২৬ নভেম্বর ০৭ ১৭:৪৫:৩৬
৪০ দিনের কাজ এক দিনে: ব্র্যাক ব্যাংকের ডিজিটাল বিপ্লব

নিজস্ব প্রতিবেদক: রপ্তানি বাণিজ্যে তৈরি হলো এক ঐতিহাসিক দৃষ্টান্ত! দেশের ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ব্লকচেইন প্রযুক্তি ও ইলেকট্রনিক বিল অব লেডিং (eBL) ব্যবহার করে রপ্তানি নথিপত্র সংক্রান্ত লেনদেন সম্পন্ন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে নথিপত্র প্রক্রিয়াকরণের দীর্ঘ ৪০ দিনের সময় নেমে এসেছে মাত্র ১ দিনে।

আন্তর্জাতিক বাণিজ্যকে কাগজবিহীন বাণিজ্যের যুগে রূপান্তরের ক্ষেত্রে এই উদ্যোগকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই ডিজিটাল প্রযুক্তি প্রয়োগের ফলে বাংলাদেশের রপ্তানিকারকরা সময় ও প্রক্রিয়াগত জটিলতা কমিয়ে আনতে পারবেন, যা তাদের ব্যবসায়িক পরিচালন দক্ষতা এবং চলতি মূলধন (Working Capital) ব্যবস্থাপনা আরও সহজ করবে।

ঐতিহাসিক এই লেনদেনের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের করপোরেট ক্লায়েন্ট 'এনএজেড (NAZ) বাংলাদেশ লিমিটেড' যুক্তরাজ্যের খ্যাতনামা ফ্যাশন রিটেইলার 'ম্যাটালান'-এর কাছে তাদের তৈরি পোশাকের একটি চালান পাঠায়। এই প্রক্রিয়ায় ব্র্যাক ব্যাংক বাংলাদেশে 'রেমিটিং ব্যাংক' হিসেবে এবং যুক্তরাজ্যের 'লয়েডস ব্যাংক' (Lloyds Bank) 'কালেকটিং ব্যাংক' হিসেবে কাজ করে।

'এনইজিও' (Enigio)-এর অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক সমাধানের মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ইলেকট্রনিক বিল অব লেডিং এবং ডিজিটাল প্রমিসরি নোট সহ মূল ট্রেড নথিপত্রগুলো সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে তৈরি ও হস্তান্তর করে। একটি বিশ্বখ্যাত শিপিং কোম্পানি eBL-টি ইস্যু করে এবং 'ডিজিটাল ট্রেড ওয়ার্কস' সম্পূর্ণ লেনদেনটি নিখুঁতভাবে সমন্বয় করে।

ঐতিহ্যগত বা কাগজ নির্ভর নথিপত্র আদান-প্রদান প্রক্রিয়ায় ব্যাংক ও অন্যান্য পক্ষের মধ্যে নথি সশরীরে পাঠাতে যেখানে ৪০ দিন পর্যন্ত দীর্ঘ সময় লেগে যেত, সেখানে ডিজিটাল ও ব্লকচেইন প্রযুক্তির কল্যাণে তা মাত্র একদিনে সম্পন্ন হয়েছে। তবে ব্যাংকের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই অভাবনীয় গতি কেবল নথিপত্র প্রক্রিয়াকরণের (Document processing) ক্ষেত্রে প্রযোজ্য, সম্পূর্ণ রপ্তানি বা অর্থ পরিশোধ চক্রের ওপর নয়। এই প্রক্রিয়ার মাধ্যমে নথিপত্র নিরাপদে পৌঁছেছে এবং কোনো তথ্য চুরি বা বিলম্বের ঝুঁকি সম্পূর্ণ দূর হয়েছে।

এই মাইলফলক অর্জনে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, "৪০ দিন থেকে মাত্র এক দিন—ব্র্যাক ব্যাংক বাংলাদেশে ডিজিটাল বাণিজ্যের গতিকে নতুন করে সংজ্ঞায়িত করছে। প্রযুক্তি কীভাবে ব্যবসায়িক কার্যক্রমের গতি বাড়াতে এবং বাংলাদেশি রপ্তানিকারকদের বিশ্ববাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা বৃদ্ধি করতে পারে, এটি তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। তৈরি পোশাক খাত এবং দেশের রপ্তানি অর্থনীতিকে সমৃদ্ধ করা আমাদের কৌশলগত অগ্রাধিকার। এই অর্জনে বাংলাদেশ ব্যাংকের প্রগতিশীল নির্দেশনার জন্য আমরা তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।"

এনএজেড বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন আহমেদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "রপ্তানিকারক হিসেবে আমাদের ব্যবসার মূল ভিত্তি হলো দ্রুততা ও নির্ভরযোগ্যতা। যুক্তরাজ্যের ম্যাটালান এবং ব্যাংক অংশীদারদের সঙ্গে সম্পূর্ণ ডিজিটাল উপায়ে এই প্রক্রিয়াটি শেষ করা আমাদের জন্য একটি বিশাল মাইলফলক। এটি প্রমাণ করে যে আন্তর্জাতিক বাণিজ্যের ভবিষ্যৎ কাগজবিহীন, যা আমাদের গ্রাহকদের সেবার মান ও ব্যবসার গতি দুটোই বহুগুণ বাড়িয়ে দেবে।"

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে