×
ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬

ফেসবুক লাইভে পত্রিকা ছেঁড়ার ঘটনায় বিতর্ক

২০২৬ নভেম্বর ০১ ১০:২৫:৫৪
ফেসবুক লাইভে পত্রিকা ছেঁড়ার ঘটনায় বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের ফেসবুক লাইভে দৈনিক আমার দেশ পত্রিকার একটি কপি ছিঁড়ে ফেলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ ঘটনাকে দায়িত্বশীল রাজনৈতিক আচরণের উদাহরণ নয় উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে এ বিষয়ে স্পষ্ট ও দায়িত্বশীল অবস্থান জানতে চেয়েছেন।

রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর হাতে সংবাদপত্র ছেঁড়ার দৃশ্য সাধারণ মানুষকে কী বার্তা দেয়? তাঁর মতে, কোনো সংবাদপত্রের প্রতিবেদন পছন্দ না হলে তার প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। প্রতিবেদন ভুল হলে তথ্য-প্রমাণ দিয়ে তা খণ্ডন করা, প্রতিবাদলিপি পাঠানো কিংবা প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে।

তবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের ফেসবুক লাইভে এসে দৈনিক আমার দেশ পত্রিকার কপি ছিঁড়ে ফেলার ঘটনাকে তিনি দায়িত্বশীল রাজনৈতিক আচরণের উদাহরণ হিসেবে দেখছেন না।

এনসিপির এই নেতা বলেন, সংবাদপত্রের সঙ্গে মতপার্থক্য থাকতে পারে। সম্পাদকের সঙ্গে বিরোধ কিংবা কোনো প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র আপত্তিও থাকতে পারে। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে আরও সংযম, পরিশীলিত আচরণ ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা প্রত্যাশা করা হয়।

তিনি আরও উল্লেখ করেন, সংবাদমাধ্যম সরকারের প্রতিপক্ষ নয়, আবার সরকারও সংবাদমাধ্যমের ঊর্ধ্বে নয়। সংবাদমাধ্যমের সমালোচনা করার অধিকার যেমন রয়েছে, তেমনি সরকারেরও সমালোচনা সহ্য করার সক্ষমতা থাকতে হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্রের শক্তি সংবাদপত্র ছিঁড়ে ফেলার মধ্যে নয়; বরং সংবাদপত্রে প্রকাশিত সমালোচনার জবাব তথ্য, যুক্তি ও সত্য দিয়ে দেওয়ার সক্ষমতার মধ্যে।

তিনি এমন একটি বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে ক্ষমতাবানদের সমালোচনা করা অপরাধ হিসেবে বিবেচিত হবে না, সাংবাদিকদের স্বাধীনতা সংকুচিত হবে না এবং রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তিরা নিজেদের আচরণের মাধ্যমে গণতান্ত্রিক সংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করবেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী মনে করেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর এ আচরণের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি দায়িত্বশীল অবস্থান স্পষ্ট করা প্রয়োজন।তিনি বলেন, গণতন্ত্রে ক্ষমতার দম্ভ নয়, বরং জবাবদিহিই রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি হওয়া উচিত।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে