×
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সৌদি আরবে এক সপ্তাহে ৭,৯৩৪ প্রবাসীকে ফেরত পাঠানো

২০২৬ অক্টোবর ২৫ ২০:৩৫:২৫
সৌদি আরবে এক সপ্তাহে ৭,৯৩৪ প্রবাসীকে ফেরত পাঠানো

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে আবাসন অনুমতি বা আকামা, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে দেশজুড়ে অভিযান চালিয়ে ১৩ হাজার ৯০০ জনেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৫০০ জনের বেশি ছিলেন আকামাসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে। এ ছাড়া প্রায় ৩ হাজার ৭৫০ জনের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপার এবং প্রায় ৩ হাজার ৫০০ জনের বিরুদ্ধে শ্রমবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

এ সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার অভিযোগে প্রায় ১ হাজার ৮৮১ জনকে আটক করা হয়। দেশটি ছেড়ে পালানোর সময় আটক হন আরও ২২ জন। অন্যদিকে, অবৈধ প্রবাসীদের আশ্রয় দেওয়া, চাকরিতে নিয়োগ কিংবা যাতায়াতে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ২১ জনকে।

আইনি প্রক্রিয়ায় প্রায় সাড়ে ৩৭ হাজার প্রবাসী

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রায় ৩৭ হাজার ৫০০ প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁদের মধ্যে দুই হাজারের বেশি নারী রয়েছেন। প্রয়োজনীয় পাসপোর্ট বা ট্রাভেল পারমিট সংগ্রহের জন্য ২০ হাজারেরও বেশি প্রবাসীকে নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে।

তবে সাম্প্রতিক অভিযানে যাঁদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে কোন দেশের নাগরিক কতজন রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।

অবৈধ প্রবাসীদের সহায়তায় কঠোর শাস্তির সতর্কতা

অবৈধভাবে প্রবেশকারী বা বিভিন্ন বিধি লঙ্ঘনকারী প্রবাসীদের কোনো ধরনের সহায়তা না দিতে দেশটির নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, নিয়মভঙ্গকারীদের আশ্রয় দেওয়া বা কাজে নিয়োগের মতো অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

এ ধরনের অপরাধে ব্যবহৃত গাড়ি ও বাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি অভিযুক্তদের পরিচয় জনসমক্ষে প্রকাশ করার ব্যবস্থাও থাকতে পারে। অবৈধ প্রবাসীদের সহায়তার ঘটনা নজরে এলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য বিশেষ হটলাইন চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। সূত্র: গালফ নিউজ

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে