×
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

টঙ্গীর সেই শিক্ষকের জামিন নামঞ্জুর

২০২৬ অক্টোবর ২৫ ১৮:০০:৫৭
টঙ্গীর সেই শিক্ষকের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসার উপাধ্যক্ষ মোসলেম উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ফলে মামলার এই পর্যায়ে তাকে কারাগারেই থাকতে হচ্ছে।

গাজীপুর মহানগর আদালতের পরিদর্শক আহসানুল্লাহ চৌধুরী জামিন আবেদন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে। শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। একই দিন আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্তের অংশ হিসেবে মাদ্রাসা থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের আদালত পরিদর্শক মো. আহসান উল্লাহ চৌধুরী। তবে মামলার তদন্ত এখনো চলমান।

ঘটনাটি নিয়ে গত বুধবার শিশুটির বাবা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে ব্যাখ্যা চান। একপর্যায়ে শিক্ষককে মারধরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

অন্যদিকে, মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, সেখানে হামলা ও ভাঙচুরের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের মারধর করা হয়েছে। এ ছাড়া ১৭ লাখ টাকা ও পাঁচটি মুঠোফোন লুটের অভিযোগও তুলেছে প্রতিষ্ঠানটি। এসব অভিযোগে শিশুটির বাবা এবং তার সঙ্গে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে।

তবে শিশুটির বাবা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চাইতেই তিনি মাদ্রাসায় গিয়েছিলেন; হামলা বা লুটপাটের উদ্দেশ্যে নয়। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং মেয়ের প্রতি কথিত নিপীড়নের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ এবং মাদ্রাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

আদালতে অভিযুক্ত শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর হলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের দাবির সত্যতা আইনি প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে