×
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সাদা প্লেট, কালো অক্ষর—নতুন নম্বরপ্লেট নিয়ে বিআরটিএর নির্দেশনা

২০২৬ অক্টোবর ২৫ ১১:২৪:২৯
সাদা প্লেট, কালো অক্ষর—নতুন নম্বরপ্লেট নিয়ে বিআরটিএর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেলের পেছনের ডিজিটাল নম্বরপ্লেটের পাশাপাশি এবার সামনেও ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য মোটরসাইকেল মালিকদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত নিয়ম মেনে সামনের নম্বরপ্লেট তৈরি ও স্থাপন করতে হবে। নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

গত ১৬ অক্টোবর প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় বিআরটিএ। এতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি সংযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহার বাধ্যতামূলক। তবে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা এবং যানবাহন সহজে শনাক্ত করার লক্ষ্যে এবার মোটরসাইকেলের সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটের পটভূমি সাদা রাখতে হবে এবং বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে কালো রঙে। নম্বরপ্লেটে কোনো ধরনের নকশা, অতিরিক্ত লেখা কিংবা শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না।

স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন নম্বর একটিমাত্র অনুভূমিক রেখায় লিখতে হবে। নম্বরপ্লেটের আকার ও অক্ষরের মাপের ক্ষেত্রেও নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

বিআরটিএ জানিয়েছে, নির্ধারিত নকশা, রং ও মাপ অনুসরণ করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট স্থাপন করতে হবে। ফলে নম্বরপ্লেট তৈরির আগে মালিকদের নির্ধারিত মাপ ও নির্দেশনা যাচাই করে নেওয়া প্রয়োজন। নিয়মের বাইরে নম্বরপ্লেট তৈরি বা স্থাপন করলে কিংবা নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট চালুর উদ্যোগের লক্ষ্য ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহন শনাক্তকরণ কার্যক্রম আরও কার্যকর করা। তাই নম্বরপ্লেট স্থাপনের সময় নির্ধারিত নিয়ম অনুসরণ করার ওপর গুরুত্ব দিয়েছে বিআরটিএ।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে