×
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

দুর্বল নজরদারি ও আস্থার সংকটে ডিভিডেন্ড মৌসুমেও বাজারে মন্দা

২০২৬ অক্টোবর ২৫ ১৪:৫৩:১৯
দুর্বল নজরদারি ও আস্থার সংকটে ডিভিডেন্ড মৌসুমেও বাজারে মন্দা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জুন ক্লোজিংয়ের প্রায় তিন শতাধিক কোম্পানির ডিভিডেন্ড ঘোষণার মৌসুম চলছে। ইতিমধ্যে বেশ কয়েকটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। তবে এসব ঘোষণার ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না বাজারে। চলতি সপ্তাহেও প্রায় ২০০টি কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করার কথা রয়েছে। এরপরও বাজারের ধারাবাহিক পতন থামছে না। বাজারসংশ্লিষ্টদের মতে, নিয়ন্ত্রক সংস্থার যথাযথ নজরদারি ও কার্যকর উদ্যোগের অভাব বাজারের এই পরিস্থিতির অন্যতম কারণ।

তাদের মতে, বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর শেয়ারবাজারের উন্নয়ন এবং সংস্কারে বেশ কিছু পদক্ষেপ ও উদ্যোগ নিয়েছে, যা বাজারের জন্য ইতিবাচক। তবে বর্তমানে বাজারে যে অস্থিরতা চলছে, তা কাটিয়ে উঠতে কার্যকর কোনো উদ্যোগ তেমন দৃশ্যমান নয়। এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বাড়ছে। একই সঙ্গে ধারাবাহিক দরপতন বাজারের প্রতি তাদের আস্থার সংকট আরও গভীর করছে।

বাজারসংশ্লিষ্টরা মনে করেন, ভবিষ্যতে বাজারের পরিস্থিতি কী হবে, তা নিয়ে উদ্বিগ্ন থাকার পাশাপাশি বর্তমান অস্থিরতা দূর করতেই এখন কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় বিনিয়োগকারীরা বাজারের প্রতি আস্থা হারাতে পারেন। পরিস্থিতি দীর্ঘায়িত হলে নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে বর্তমান কমিশনের প্রতি ক্ষোভ থেকে বিনিয়োগকারীরা কঠোর কর্মসূচি দিতে পারেন। তাই বাজারের অস্থিরতা দূর করতে নিয়ন্ত্রক সংস্থার যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।

এদিকে, আজ রোববার (২৫ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮.০৭ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩২.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.৭১ পয়েন্ট কমে ১ হাজার ৬০.৬৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ১.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১০১.৭৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ২৮৩টির কমেছে এবং ৩৮টির দর অপরিবর্তিত ছিল।

দিনটিতে ডিএসইতে মোট ৪৩০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৫০২ কোটি ৬৩ লাখ টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৭১ কোটি ৯১ লাখ টাকা।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে বাজারটিতে শেয়ার ও ইউনিট লেনদেনের পরিমাণ ছিল ২১ কোটি ১৭ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৯টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৮৬টির কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২.৪৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৮১.৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কর্মদিবসে সূচকটি ৬৬.৮১ পয়েন্ট বেড়েছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে