×
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সবুজ অর্থায়নে ইতিহাস: ব্র্যাক ব্যাংকের ১০০০ কোটি টাকার বন্ড

২০২৬ অক্টোবর ২৫ ১৮:৩২:৩২
সবুজ অর্থায়নে ইতিহাস: ব্র্যাক ব্যাংকের ১০০০ কোটি টাকার বন্ড

নিজস্ব প্রতিবেদক: দেশে নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি অর্থায়নের লক্ষ্যে ১,০০০ কোটি টাকার ‘গ্রিন বন্ড’ ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের 'গ্রিন বন্ড ফাইন্যান্সিং' নীতিমালার আওতায় এটিই দেশের প্রথম পরিবেশবান্ধব বন্ড, যা দেশের মূলধন বাজারে এক নতুন ইতিহাসের সূচনা করছে।

ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, তিন বছর মেয়াদি এই বন্ডটি হবে 'জিরো-কুপন' (Zero-Coupon) প্রকৃতির। অর্থাৎ এতে আলাদা কোনো সাময়িক সুদ দেওয়া হবে না; বিনিয়োগকারীরা বাটা বা ছাড়ে মূল্যের চেয়ে কমে বন্ড কিনবেন এবং মেয়াদ শেষে ফেস ভ্যালুর পুরো টাকা তুলে নেবেন।

বন্ডের সুযোগ-সুবিধা ও বিবরণ

বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য (Face Value) নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। করপোরেট প্রতিষ্ঠান, ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারী ছাড়াও অনুমোদন সাপেক্ষে যেকোনো প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ড এতে বিনিয়োগ করতে পারবে। ব্যাংক কর্তৃপক্ষ এই বন্ড থেকে প্রায় ৭.৫ শতাংশ রিটার্নের আশা করছে। জিরো-কুপন বন্ডের ওপর কর ছাড়ের সুবিধা থাকায় এটি বিনিয়োগকারীদের কাছে বেশ আকর্ষণীয় হবে বলে ধারণা করা হচ্ছে। হিসাব অনুযায়ী, ৭.৫% রিটার্নে ১০ লাখ টাকার অভিহিত মূল্যের প্রতিটি বন্ড প্রায় ৮ লাখ ৫ হাজার টাকায় কেনা যাবে।

টাকা যাবে যেসব সবুজ প্রকল্পে

বন্ড ইস্যু করে সংগৃহীত টাকা পুরোপুরি টেকসই ও পরিবেশবান্ধব প্রকল্পে ব্যবহার করা হবে। বিশেষ করে নবায়নযোগ্য শক্তি (যেমন: সৌরবিদ্যুৎ), পরিবেশবান্ধব ভবন (Green Buildings) এবং শিল্প কারখানার জ্বালানি সাশ্রয়ী উদ্যোগে এই তহবিল বিনিয়োগ হবে। ব্র্যাক ব্যাংক নিশ্চিত করেছে যে, তাদের এই গ্রিন বন্ড কাঠামোটি আন্তর্জাতিক ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশনের (ICMA) নীতি মেনে প্রণীত এবং এটি এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংসের (S&P Global Ratings) সেকেন্ড-পার্টি মতামত প্রাপ্ত।

এই বন্ডের মাধ্যমে অর্জিত অর্থ জাতিসংঘের চারটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি (SDG 7), শিল্প ও অবকাঠামো (SDG 9), টেকসই নগর (SDG 11) এবং জলবায়ু কার্যক্রম (SDG 13) অর্জনে ভূমিকা রাখবে।

ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য

সংবাদ সম্মেলনে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিফাত উল্লাহ খান বলেন, "বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে দেশের বহু কারখানা এখন পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকছে। কিন্তু এসব প্রকল্পের জন্য প্রয়োজন সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি অর্থায়ন।"

তিনি আরও বলেন, "এই গ্রিন বন্ড ব্র্যাক ব্যাংকের টেকসই অর্থায়নের যাত্রায় একটি বড় মাইলফলক এবং এটি বাংলাদেশের মূলধন বাজারকে আরও গভীর ও শক্তিশালী করতে সাহায্য করবে। অর্থ ব্যবহারে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে প্রতি বছর অডিট পরিচালনা করা হবে, যাতে বন্ডের অর্থ কেবল নির্ধারিত সবুজ প্রকল্পেই ব্যবহৃত হয়।"

উল্লেখ্য, ব্র্যাক ব্যাংকের মোট ঋণ পোর্টফোলিওর ৬০ শতাংশের বেশি বর্তমানে টেকসই অর্থায়নের আওতাভুক্ত। পরিবেশ, সমাজ ও সুশাসনের (ESG) বিচারে ব্লুমবার্গের রেটিংয়ে বাংলাদেশী ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক। এর আগেও ব্যাংকটি একটি সফল ‘সোশ্যাল বন্ড’ ইস্যু করেছিল। ব্যাংক কর্মকর্তাদের মতে, এই দীর্ঘমেয়াদি গ্রিন বন্ড দেশের ঝিমিয়ে পড়া করপোরেট বন্ড বাজারকে চাঙ্গা করতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে