×
ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

২০২৬ অক্টোবর ২৫ ১২:২২:০৯
জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলার আলামত শনাক্ত হয়েছে। ঝুঁকি এড়াতে আগেই ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরে অন্তত দুটি স্থানে স্প্যাম বা হামলার চিহ্ন পাওয়া যায়। ত্রুটি শনাক্ত করে ওয়েবসাইটের নিরাপত্তা পুনরুদ্ধারে কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মীরা।

রোববার (২৫ অক্টোবর) ব্যাংকিং কার্যক্রম শুরু হলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট চালু করা সম্ভব হয়নি। আইটি বিভাগের কর্মকর্তারা আশা করছেন, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে ওই দিনই ওয়েবসাইটটি সচল করা যাবে।

ব্যাংকটির আইটি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ওয়েবসাইটের দুটি স্থানে হামলার আলামত পাওয়া গেছে। সমস্যাগুলো চিহ্নিত করে সাইটের নিরাপত্তা নিশ্চিত করার কাজ চলছে। তবে হামলার উৎস, কারা এর সঙ্গে জড়িত এবং কী ধরনের তথ্য ঝুঁকিতে পড়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ শূন্য থাকায় ওয়েবসাইটে সাইবার হামলার বিষয়ে ব্যাংকটির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত ১৯ অক্টোবর জনতা ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমানের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। পরদিন থেকে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাংক খাতে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়। এই ছুটির মধ্যেই সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি (PHP)-তে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর আন্তর্জাতিক পর্যায়ে সাইবার হামলার আশঙ্কা দেখা দেয়। গত ২১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা (ENISA) ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো এ বিষয়ে সতর্কতা জারি করে।

সতর্কবার্তায় বলা হয়, এসব ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা আক্রান্ত সার্ভারে দূর থেকে ক্ষতিকর কোড চালাতে পারে। দ্রুত নিরাপত্তা প্যাচ বা সফটওয়্যার হালনাগাদ করা সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ অ্যাপ্লিকেশনগুলোর ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।

এই সতর্কতার পর বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট সাধারণ ব্যবহারকারীদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ছুটি শেষে রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট আবার চালু করা হয়। তবে জনতা ব্যাংকের ওয়েবসাইটে ম্যালওয়্যার সংক্রমণ বা হামলার চিহ্ন শনাক্ত হওয়ায় সেটি সচল করা সম্ভব হয়নি।

ওয়েবসাইটটি পুনরায় চালুর আগে নিরাপত্তাজনিত ত্রুটি দূর করা এবং সম্ভাব্য ঝুঁকি নিয়ন্ত্রণ করা জরুরি। তবে জনতা ব্যাংকের ওয়েবসাইট থেকে গ্রাহকের তথ্য চুরি হয়েছে কি না, ব্যাংকের অভ্যন্তরীণ নেটওয়ার্ক আক্রান্ত হয়েছে কি না কিংবা আর্থিক লেনদেনের তথ্য ঝুঁকিতে পড়েছে কি না—এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ওয়েবসাইটটি সচল করার পাশাপাশি সাইবার হামলার ধরন ও প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য জানা গেলে ঘটনাটির প্রকৃত ব্যাপ্তি স্পষ্ট হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে