×
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শেয়ারবাজারে বিনিয়োগের ফাঁদে ১১ কোটি টাকা, রিমান্ডে চারজন

২০২৬ অক্টোবর ২৪ ২০:১০:০০
শেয়ারবাজারে বিনিয়োগের ফাঁদে ১১ কোটি টাকা, রিমান্ডে চারজন

নিজস্ব প্রতিবেদক: অনলাইনে শেয়ারবাজারে বিনিয়োগ করে আকর্ষণীয় মুনাফা পাওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই চীনা নাগরিকসহ চারজনকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন- রুহুল আমিন বিশ্বাস (২৬), শেখ সানজিদা মনসুর সিথি (২৩) এবং চীনা নাগরিক চ্যান লং জি (৩৬) ও ওয়াং শিওয়েই (৩৫)। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর আদাবর ও ভাটারা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একাধিক স্মার্টফোন, আইফোন, একটি ল্যাপটপ এবং একটি চীনা পাসপোর্ট জব্দ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে বিনিয়োগের প্রস্তাব

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মো. আবু ছাদেকের হোয়াটসঅ্যাপে অনলাইনে শেয়ারবাজারে বিনিয়োগের প্রস্তাব পাঠানো হয়। পরবর্তী সময়ে দুটি ওয়েবসাইটের মাধ্যমে তাঁকে বিভিন্ন বিনিয়োগ প্যাকেজ ও ব্লক ট্রেডের শেয়ার সম্পর্কে তথ্য দেওয়া হয়। এসব মাধ্যমে বিনিয়োগ করলে প্রতিদিন আকর্ষণীয় মুনাফা পাওয়া যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চার মাসে ১১ কোটি টাকা লেনদেনের অভিযোগ

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে আবু ছাদেক তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের একাধিক ব্যাংক হিসাব থেকে অভিযুক্তদের দেওয়া বিভিন্ন হিসাবে অর্থ পাঠান। এভাবে সব মিলিয়ে প্রায় ১১ কোটি টাকা দেওয়ার কথা এজাহারে উল্লেখ করেছেন তিনি।

অভিযোগে আরও বলা হয়েছে, বিনিয়োগের বিষয়ে আস্থা তৈরি করতে আবু ছাদেককে ১০ লাখ টাকা মুনাফা দেওয়া হয়েছিল। এতে আশ্বস্ত হয়ে তিনি বিনিয়োগ অব্যাহত রাখেন বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে।

তবে পরবর্তী সময়ে বিনিয়োগ করা মূল অর্থ ও প্রতিশ্রুত লভ্যাংশ ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি বলে অভিযোগ করেছেন বাদী। এ ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করছে পুলিশ।

এসউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে