×
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ

২০২৬ অক্টোবর ১৬ ১৬:৩৩:৩০
এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দেশের বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন অবকাঠামোর উন্নয়ন, জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়ন এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে অর্থায়ন নিয়ে চায়না এক্সিম ব্যাংকের (সিইবি) সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ সরকার। পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের পরবর্তী ধাপের উন্নয়ন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এলাকায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ ও শক্তিশালীকরণসহ বিভিন্ন প্রকল্পে অর্থায়নের বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে চায়না এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট ওয়াং চুনইংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিদ্যুৎ খাতের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পে অর্থায়ন এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিমসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উন্নয়ন, পাওয়ার গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্প এবং ডিপিডিসি এলাকায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পে অর্থায়নের বিষয়টি উঠে আসে। পাশাপাশি ভবিষ্যতে বিদ্যুৎ খাতের অন্যান্য উন্নয়ন প্রকল্পেও চায়না এক্সিম ব্যাংকের অর্থায়নের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

বৈঠকে বিদ্যুৎমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে স্থিতিশীল বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবায়নযোগ্য জ্বালানি নীতি-২০২৬-এর আওতায় পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের উদ্যোগ তুলে ধরে তিনি ভবিষ্যৎ প্রকল্পগুলোর অর্থায়ন দ্রুত করার জন্য ব্যাংকটির প্রতি আহ্বান জানান।

মন্ত্রী বিশেষ করে জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়ন, স্মার্ট গ্রিড নির্মাণ, পায়রা বিদ্যুৎকেন্দ্রের পরবর্তী ধাপের উন্নয়ন এবং ডিপিডিসির বিদ্যুৎ নেটওয়ার্ক শক্তিশালী করার প্রকল্পগুলোতে অর্থায়নের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বাংলাদেশে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পগুলো পরিদর্শনের জন্য ব্যাংকটির প্রেসিডেন্ট ওয়াং চুনইংকে আমন্ত্রণ জানান।

অন্যদিকে, চায়না এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট ওয়াং চুনইং বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে ব্যাংকটির অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক শুল্ক ও কর হ্রাসের উদ্যোগকে স্বাগত জানান তিনি।

ওয়াং চুনইং বলেন, ভূমিতে স্থাপিত ও ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প, বায়ুশক্তি এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন প্রকল্পে অর্থায়ন ও কারিগরি দক্ষতা বিনিময়ে চায়না এক্সিম ব্যাংকের আগ্রহ রয়েছে।

বৈঠকে বাংলাদেশের বিদ্যুৎ খাতকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং বিদ্যমান সহায়তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও নবায়নযোগ্য জ্বালানির অবকাঠামো উন্নয়নে নতুন অর্থায়নের সুযোগ তৈরি হতে পারে। তবে বৈঠকে আলোচিত প্রকল্পগুলোর জন্য অর্থায়নের পরিমাণ, চুক্তি স্বাক্ষর বা বাস্তবায়নের নির্দিষ্ট সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে