×
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট

২০২৬ অক্টোবর ১৫ ১৭:৪২:১৯
এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাণিজ্যিক উৎপাদন পুনরায় শুরুর পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। বিদ্যুৎ সংযোগ পেতে জটিলতা এবং প্রধান কাঁচামাল ধানের কুঁড়ার মৌসুমি প্রাপ্যতার কারণে নির্ধারিত সময়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ জুলাই ২০২৬ তারিখে উৎপাদন পুনরায় চালুর প্রস্তাবসহ অন্যান্য বিষয়ে দেওয়া ব্যাখ্যার পর কোম্পানিটি তাদের উৎপাদন পরিস্থিতি সম্পর্কে নতুন তথ্য জানিয়েছে।

কোম্পানির আগের চিঠিতে উল্লেখ করা হয়েছিল, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করার প্রত্যাশা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে গ্রামাঞ্চলে বিদ্যুতের ঘাটতি এবং এর ফলে জাতীয় বিদ্যুৎ গ্রিডে সরবরাহের স্বল্পতা দেখা দেওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছ থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ সংযোগ পেতে বিলম্ব হচ্ছে। এতে বাণিজ্যিক উৎপাদন শুরুর পরিকল্পনাও পিছিয়ে গেছে।

কোম্পানিটি জানিয়েছে, বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতে প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিপিডিবির নির্ধারিত সংযোগ ব্যয়ের বিপরীতে প্রায় ৫০ লাখ টাকা জমা দেওয়া হয়েছে। এরপরও প্রয়োজনীয় বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়নি।

এ ছাড়া, কোম্পানির উৎপাদনের প্রধান কাঁচামাল ধানের কুঁড়া মৌসুমি পণ্য হওয়ায় বাজারে সাধারণত নভেম্বর মাস থেকে পাওয়া যায়। কাঁচামালের পর্যাপ্ত সরবরাহ না থাকায় মৌসুমের বাইরে বাণিজ্যিক উৎপাদন শুরু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে এমারেল্ড অয়েল।

কোম্পানিটির সর্বশেষ ব্যাখ্যা অনুযায়ী, বিদ্যুৎ সংযোগ পেতে বিলম্ব এবং প্রধান কাঁচামালের অপর্যাপ্ত প্রাপ্যতা—এই দুই কারণে বাণিজ্যিক কার্যক্রম শুরুর নির্ধারিত সময়সূচি ব্যাহত হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে