×
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মমেক হাসপাতালে আগুন: মৃত্যু নিয়ে যা বললেন বিভাগীয় কমিশনার

২০২৬ সেপ্টেম্বর ১৫ ০৮:২৯:৩৫
মমেক হাসপাতালে আগুন: মৃত্যু নিয়ে যা বললেন বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজনের মৃত্যুর খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। তাঁর দাবি, অগ্নিকাণ্ডের কারণে কারও মৃত্যু হয়নি; যাদের মৃত্যুর কথা বলা হয়েছে, তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি তদন্তে আগামীকাল কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে হাসপাতালের পরিচালকের মিলনায়তনে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিভাগীয় কমিশনার। বৈঠকে স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও হাসপাতালের উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার জানান, নিরাপত্তাজনিত কারণে হাসপাতালের কয়েকটি সিঁড়ি বন্ধ ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হবে। একই সঙ্গে হাসপাতালের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগও তদন্তের আওতায় আনা হবে। চিকিৎসকদের কাছ থেকেও অগ্নিকাণ্ডে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।

এর আগে সোমবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন আটতলা ভবনের একটি লিফটের কন্ট্রোল রুমে আগুন লাগে। আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন। এ সময় হুড়োহুড়ি ও পদদলিত হয়ে ২০ জন আহত এবং কয়েকজন নিহত হয়েছেন—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে রাত পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়নি। বিভিন্ন তালিকায় মৃত্যুর তথ্যের মধ্যে অসঙ্গতি থাকায় মর্গের তথ্যও যাচাই করা হয়। পরে বিভাগীয় কমিশনার মৃত্যুর খবরকে ভিত্তিহীন বলে দাবি করেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, লিফটের কন্ট্রোল রুমে থাকা কন্ট্রোলার মেশিনের বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অতিরিক্ত উত্তাপের সৃষ্টি হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত শেষ হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

আগুনের পরিমাণ বড় না হলেও কন্ট্রোল রুম থেকে ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ায় রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনাটি নিয়ে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরের সত্যতা নিয়েও তৈরি হয় বিভ্রান্তি। এখন তদন্ত কমিটির প্রতিবেদনের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ওই সময়কার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষা রয়েছে।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে