×
ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি

২০২৬ সেপ্টেম্বর ১৪ ১০:৫৬:১১
ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসলামী ব্যাংকের একটি বুথে লুটের পরিকল্পনা করার অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে পঞ্চবটী মোড়ের গফুর সুপার মার্কেটের নিচতলায় ব্যাংকের বুথের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফতুল্লা মডেল থানার পঞ্চবটী গুলশান রোড এলাকার কামাল মাতবর (৪২) এবং রূপসী হাউজিং এলাকার কামাল প্যাদা (৪২)। তাদের দুজনের গ্রামের বাড়ি বরিশালের আমতলী থানা এলাকায়।

পুলিশের দাবি, ব্যাংকের বুথে লুটের উদ্দেশ্যে আগে থেকেই সেখানে অবস্থান নিয়েছিলেন তারা। পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে বুথের নিরাপত্তারক্ষীর সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করেন। পরে সুযোগ বুঝে বুথে থাকা টাকা লুট করে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নন্দন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে কামাল মাতবরকে গ্রেপ্তার করা হয়। পরে ব্যাংকের বুথের সামনে নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলার সময় কামাল প্যাদাকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে কামাল প্যাদার বিরুদ্ধে আটটির বেশি ডাকাতি ও লুটের মামলা এবং কামাল মাতবরের বিরুদ্ধে ২৬টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসআই নন্দন সরকার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে ঢাকা-নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং ব্যাংকের বুথে ডাকাতির সঙ্গে জড়িত।

পুলিশের দাবি, সর্বশেষ ফতুল্লার পাগলা দেলপাড়া ক্যানেলপাড় এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায়ও তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ওই ঘটনায় নগদ টাকা ও কয়েক লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ব্যাংকের বুথ লুটের পরিকল্পনাসহ বিভিন্ন ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পাগলা ক্যানেলপাড়ের ডাকাতির ঘটনার সঙ্গেও তাদের যোগসূত্রের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।তিনি আরও জানান, লুট হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে