×
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১৭:৫৭:৩৭
বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: বড় ও মানসম্পন্ন কোম্পানিগুলোকে সহজে শেয়ারবাজারে তালিকাভুক্ত করে মূলধন সংগ্রহের সুযোগ তৈরি করতে কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে বার্ষিক ৫০০ কোটি টাকা বা তার বেশি টার্নওভার রয়েছে—এমন কোম্পানিগুলো সরাসরি শেয়ারবাজারে তালিকাভুক্তির আবেদন করতে পারবে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান।

‘ক্যাপিটাল মার্কেট: গ্রোথ ডায়ালগ—পাথওয়ে টু লিস্টিং’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।শনিবার চট্টগ্রামের দেশের একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলনকক্ষে চট্টগ্রাম চেম্বার ও আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের যৌথ উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেন, ব্যবসায়ীরা সাধারণত ব্যবসা শুরু, সম্প্রসারণ, পুনর্গঠন ও পরিচালনার জন্য মানি মার্কেট এবং শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করেন। তবে ব্যবসার ঝুঁকি কমিয়ে দীর্ঘমেয়াদে স্থিতিশীল উন্নয়নের জন্য শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ বেশি কার্যকর।

তিনি বলেন, বাংলাদেশে শেয়ারবাজারে কোম্পানি তালিকাভুক্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা থাকায় অনেক ব্যবসায়ী মানি মার্কেট বা অর্থায়ন খাত থেকে অর্থ সংগ্রহ করেন। এতে একদিকে শেয়ারবাজারে কাঙ্ক্ষিত গতিশীলতা আসে না, অন্যদিকে ব্যবসার টেকসই সম্প্রসারণও বাধাগ্রস্ত হয়।

তার মতে, শেয়ারবাজারের আকার বাড়াতে বড় ও মানসম্পন্ন কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করা জরুরি। এজন্য সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠান লাভ না করলেও ডিভিডেন্ড দেওয়ার বাধ্যবাধকতা থাকায় অনেক ব্যবসায়ী শেয়ারবাজারে আসতে আগ্রহী হন না। তালিকাভুক্তির পর বিভিন্ন নিয়ম ও প্রক্রিয়ার জটিলতার মধ্যেও পড়তে হয় তাদের।

তিনি বলেন, ব্যবসায় লাভ হলে ডিভিডেন্ড দেওয়ার এবং লোকসান হলে ডিভিডেন্ড না দেওয়ার সুযোগ থাকা উচিত। শেয়ারবাজারকে নিজস্ব গতিতে চলতে দিতে হবে।

তিনি আরও বলেন, শেয়ারবাজারের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকও সম্পৃক্ত। তাই আইন ও নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় ও ঐকমত্য প্রয়োজন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, দেশের শেয়ারবাজার বর্তমানে অনেকটা পঙ্গু হয়ে আছে। অর্থনীতিকে এগিয়ে নিতে শেয়ারবাজারকে গতিশীল করার পাশাপাশি শক্তিশালী কমিশন প্রয়োজন।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান করপোরেট সুশাসন ও অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।

আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান কাজী মাহামুদ সাত্তার পুঁজিবাজারে করসংক্রান্ত জটিলতা দূর করতে বিএসইসি ও এনবিআরের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

সংলাপে বক্তারা বলেন, শেয়ারবাজার, বন্ড মার্কেট ও মিউচুয়াল ফান্ড সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যাপ্ত ধারণা নেই। একই সঙ্গে শেয়ারবাজারের ব্যবসায়ী, নিয়ন্ত্রক সংস্থা ও বিনিয়োগকারীদের মধ্যে বিদ্যমান আস্থার সংকটও দূর করতে হবে।

তারা তালিকাভুক্ত কোম্পানির ওপর তুলনামূলক বেশি করের চাপ কমানো এবং শেয়ারবাজারের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর—বিশেষ করে এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের—আইনি ও নীতিগত জটিলতা দূর করার ওপর গুরুত্ব দেন।এ সময় বক্তারা একটি সহজ, সমন্বিত ও কার্যকর নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলারও আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ ছালাম, আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার, বিএসআরএমের চেয়ারম্যান আলীহুসেইন আকবর আলী, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলী, লুব-রেফের এমডি মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ড. সালেহ জহুর, বারভিডার মহাসচিব রিয়াজ রহমান, মোদাচ্ছের এ সিদ্দিক অ্যান্ড কোম্পানির মোদাচ্ছের আহমেদ সিদ্দিকী, পিডব্লিউসির অ্যাসোসিয়েট ডিরেক্টর (ডিজিটাল ট্রান্সফরমেশন) শাদাব মাহমুদ, বিএসএম গ্রুপের আবুল বাশার চৌধুরী এবং আইআইএবির সভাপতি এম নুরুল আলম।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজবাহ উদ্দিন আহমেদ।অনুষ্ঠানে চেম্বার পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ, ইঞ্জিনিয়ার মো. গোলাম সরওয়ার, এ এস এম ইসমাইল খান, মোহাম্মদ নুরুল ইসলাম, শহীদুল আলম ও মো. সেলিম নুরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে