×
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবে বিদেশি বিনিয়োগকারীরা যে ৭টি ভুল করে

২০২৬ সেপ্টেম্বর ১৩ ০৬:২২:০২
সৌদি আরবে বিদেশি বিনিয়োগকারীরা যে ৭টি ভুল করে

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে ব্যবসা শুরু করার আগ্রহ যেমন বাড়ছে, তেমনি না জেনে বা অসতর্কতাবশত নানা ভুলের কারণে বিপাকে পড়ছেন অনেক প্রবাসী উদ্যোক্তা। সাম্প্রতিক এক আলোচনায় উঠে এসেছে এমন সাতটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ ভুলের কথা, যেগুলো এড়িয়ে চলতে পারলে ব্যবসায়িক ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

১. ভুল অ্যাক্টিভিটি নির্বাচন

ব্যবসা নিবন্ধনের সময় ভুল কার্যক্রম বা ‘অ্যাক্টিভিটি’ বেছে নেওয়া সবচেয়ে সাধারণ ভুলগুলোর একটি। এর ফলে লাইসেন্স পেতে জটিলতা তৈরি হয় এবং বাড়তি খরচও গুনতে হয়। এই ঝুঁকি এড়াতে ব্যবসার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করে অভিজ্ঞ এজেন্সির পরামর্শ নেওয়া জরুরি।

২. লুকানো খরচের ফাঁদ

অনেক এজেন্সি শুরুতে কম খরচের প্রলোভন দেখিয়ে ব্যবসা শুরু করায়। কিন্তু পরে কিউয়া (Qiwa), মুকিম (Muqeem), ব্যাংক অ্যাকাউন্ট খোলা কিংবা কাগজপত্র অনুবাদ ও অ্যাটেস্টেশনের মতো একাধিক হিডেন কস্ট যোগ হয়ে মোট ব্যয় অনেক বেড়ে যায়। তাই ব্যবসা শুরুর আগেই সব খরচ লিখিতভাবে জেনে নেওয়া উচিত।

৩. নিতাাকাত (সৌদাইজেশন) নিয়ম উপেক্ষা

সৌদি আরবের নিয়ম অনুযায়ী প্রতিটি কোম্পানিতে নির্দিষ্ট অনুপাতে সৌদি নাগরিক নিয়োগ বাধ্যতামূলক। এই নিয়ম না মানলে ভিসা ব্লক হওয়া, জরিমানা এবং ব্যবসা সাময়িকভাবে বন্ধ হওয়ার মতো ঝুঁকি তৈরি হয়। তাই নিয়মিত নিজেদের নিতাাকাত ব্যান্ড যাচাই করে রাখা প্রয়োজন।

৪. মুদাদ ছাড়া বেতন প্রদান

কর্মীদের বেতন দেওয়ার ক্ষেত্রে ‘মুদাদ (Mudad)’ সিস্টেম ব্যবহার বাধ্যতামূলক। এই সিস্টেমের মাধ্যমে বেতন না দিলে তা অবৈধ হিসেবে গণ্য হয়, এবং ওয়েজ প্রোটেকশন সিস্টেম (WPS) লঙ্ঘনের দায়ে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে।

৫. ইনভয়েস সংরক্ষণে অবহেলা

প্রতিটি ক্রয়-বিক্রয়ে জাটকা (ZATCA) অনুমোদিত ইনভয়েস বা ফাতুরা (Fatoora) ব্যবহার বাধ্যতামূলক। নিয়মিত এসব ইনভয়েস সংরক্ষণ না করলে অডিট বা পরিদর্শনের সময় বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হতে হয়।

৬. ভ্যাট নিয়ম না বোঝা

বার্ষিক আয় ৩ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ছাড়িয়ে গেলে ভ্যাট রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন ছাড়া ব্যবসা পরিচালনা করলে পূর্ববর্তী সময়ের ভ্যাট ও জরিমানার দায়ভার নিতে হয়। এজন্য নির্দিষ্ট সময়ে ভ্যাট রিটার্ন দাখিল করা আবশ্যক।

৭. অডিটের জন্য প্রস্তুতি না রাখা

সৌদি আরবে যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই অডিট হতে পারে। তাই অন্তত ৩ থেকে ৫ বছরের আর্থিক রেকর্ড, ইনভয়েস ও ব্যাংক স্টেটমেন্ট সব সময় গোছানো অবস্থায় রাখা উচিত। প্রস্তুতি না থাকলে জরিমানার পাশাপাশি ব্যবসা ব্ল্যাকলিস্টের ঝুঁকিতেও পড়তে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে