×
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

‘অনেক ক্লাস করতাম শুধু উপস্থিতির ৫ নম্বরের জন্য’

২০২৬ সেপ্টেম্বর ১৩ ০৯:৩৯:৩৪
‘অনেক ক্লাস করতাম শুধু উপস্থিতির ৫ নম্বরের জন্য’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সঙ্গে তুলনা করার অভিজ্ঞতার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। ওই শিক্ষকের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মনিরা শারমিন বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শিক্ষক মূল্যায়নের সুযোগ পেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এমন সুযোগ ছিল না।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, সেখানে সারা বছরের একটি একাডেমিক ক্যালেন্ডার থাকত। এতে সেমিস্টার ফাইনাল, ফল প্রকাশ ও সেমিস্টার বিরতির সময়সূচি আগে থেকেই জানা যেত।

মনিরা বলেন, প্রতি তিন মাসে একটি করে সেমিস্টার হতো। ফাইনাল পরীক্ষার সময় অথবা ফল প্রকাশের আগে শিক্ষার্থীদের শিক্ষক মূল্যায়ন ফর্ম পূরণ করতে হতো। সেখানে মূলত শিক্ষকের বিষয়ভিত্তিক জ্ঞান, উপস্থাপনার দক্ষতা এবং ভবিষ্যতে ওই শিক্ষককে আবার ক্লাস দেওয়া উচিত কি না—এসব বিষয়ে শিক্ষার্থীদের মতামত নেওয়া হতো।

ঢাবিতে নিজের অভিজ্ঞতা তুলে ধরে এনসিপির এই নেত্রী বলেন, ‘অনার্সে পড়ার সময় অনেক ক্লাস আমরা করতাম শুধু উপস্থিতির ৫ নম্বরের জন্য। সেখানে শিক্ষক পছন্দ-অপছন্দের কোনো সুযোগই ছিল না।’

এক শিক্ষকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘একজন শিক্ষকের কথা মনে আছে। তার পড়ানোকে আমরা বিটিভির খবরের সঙ্গে তুলনা করতাম। উনি স্যুট-টাই পরে এসে বসতেন, স্লাইড চলত পেছনে, উনি স্লাইড দেখে পড়তেন।’

ওই শিক্ষকের যোগ্যতা নিয়ে মনিরা শারমিনের দাবি, ‘যোগ্যতা? উনি চেয়ারম্যানের আত্মীয়।’তবে পোস্টে ওই শিক্ষকের নাম বা কোন বিভাগের চেয়ারম্যানের আত্মীয়—তা উল্লেখ করেননি মনিরা শারমিন।

শিক্ষক মূল্যায়নের সুযোগ থাকা উচিত মন্তব্য করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিষয়টি জানেন। তার দাবি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নেওয়ার সময় শিক্ষক মূল্যায়ন ফর্ম শিক্ষার্থীদের দিয়ে পূরণ করান।

মনিরা বলেন, শিক্ষক মূল্যায়ন অবশ্যই বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক নীতিমালার আওতায় হওয়া উচিত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এটি চালু না হলে ডাকসুর উদ্যোগে শিক্ষক মূল্যায়নের ব্যবস্থা করার প্রস্তাবও দেন তিনি।

তার ভাষায়, অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষক মূল্যায়নের সুযোগ থাকা উচিত।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে