ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বিদেশে বিয়ে নয়, স্বর্ণও নয়—দেশবাসীকে মোদির বিশেষ আহ্বান

২০২৬ সেপ্টেম্বর ০১ ১৮:০৮:৫১
বিদেশে বিয়ে নয়, স্বর্ণও নয়—দেশবাসীকে মোদির বিশেষ আহ্বান

নিজস্ব প্রতিবেদক: ভারতের ৭ দশমিক ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে আত্মনির্ভর ভারত গড়তে নাগরিকদের স্বদেশি পণ্য ও সেবা ব্যবহারের প্রতিজ্ঞা নবায়নের আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কিরগিজস্তান থেকে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি বলেন, ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি ভারতের জন্য আনন্দের বিষয়। এই সাফল্য দেশের মানুষের দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম ও সম্মিলিত শক্তির ফল বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্বের বর্তমান কঠিন পরিস্থিতির মধ্যেও ভারতের এই প্রবৃদ্ধিকে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন মোদি। তার ভাষ্য, বিশ্বজুড়ে যুদ্ধ ও নানা সংকট চলছে, সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে এবং ২০২০ সালের কোভিড-১৯ মহামারির পর বিশ্ব অর্থনীতিতে পুরোপুরি স্থিতিশীলতা ফেরেনি। এর মধ্যেও ভারত দ্রুত এগিয়ে যাচ্ছে।

সোমবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি ৭ দশমিক ৮ শতাংশ বেড়েছে। ইরানের যুদ্ধ ও এর জেরে তৈরি বৈশ্বিক অনিশ্চয়তা ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন আশঙ্কার মধ্যেও এই প্রবৃদ্ধির হার দেশটির অর্থনীতির শক্তিশালী অবস্থান তুলে ধরেছে।

মোদি নাগরিকদের কেনাকাটা ও ভ্রমণের ক্ষেত্রে দেশীয় পণ্য ও সেবা বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ, বিদেশে বিয়ের অনুষ্ঠান এবং স্বর্ণ কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি বলেন, পর্যটনের জন্য বিদেশে না গিয়ে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করা উচিত। বিদেশে বিয়ের আয়োজন না করে ‘ভারতে বিয়ে’ আয়োজনের আহ্বানও জানান তিনি। প্রয়োজন না হলে স্বর্ণ না কেনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মোদি বলেন, মানুষ যত বেশি স্থানীয় পণ্য ও সেবা ব্যবহার করবে, ভারত তত বেশি এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, আত্মনির্ভরতার ওপর জোর অব্যাহত রাখতে পারলে ভারতের স্বাধীনতার ১০০ বছর পূর্তির সময় দেশের তরুণদের হাতে একটি উন্নত ভারত তুলে দেওয়া সম্ভব হবে।

দেশের অগ্রগতি উদযাপনের পাশাপাশি আরও কঠোর পরিশ্রমের আহ্বান জানিয়ে মোদি বলেন, সরকারের নীতি সঠিক এবং লক্ষ্য পরিষ্কার। ১৪০ কোটি ভারতীয়র সম্মিলিত শক্তি দেশকে আরও উচ্চতায় নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে চলতি বছরের মে মাসে আন্তর্জাতিক সংঘাতের কারণে সরবরাহব্যবস্থায় ব্যাঘাত, মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলায় নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন মোদি।

তখন তিনি সম্ভব হলে বাড়ি থেকে কাজ করা, পেট্রল-ডিজেলের ব্যবহার কমানো, গণপরিবহন ব্যবহার এবং বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন।

এ ছাড়া এক বছরের জন্য অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ ও বিদেশে বিয়ের অনুষ্ঠান এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিলেন তিনি। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে অপ্রয়োজনীয় স্বর্ণ কেনা কমানোর পাশাপাশি ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য বেশি কেনার আহ্বানও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে