×
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে মুখ খুললেন প্রতিমন্ত্রী

২০২৬ অক্টোবর ২১ ১৫:৫৫:১৩
শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে মুখ খুললেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দূরবর্তী ও দুর্গম এলাকায় লটারির মাধ্যমে পদায়ন পাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য দ্রুত ‘মিউচুয়াল ট্রান্সফার’ বা পারস্পরিক বদলি চালুর দাবি উঠেছে। শিক্ষকদের এ দাবির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

‘সহকারী শিক্ষক ২০২৫ ব্যাচ’-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষকদের পারস্পরিক বদলির সুযোগ চালুর দাবি জানানো হয়। এতে বলা হয়, লটারির মাধ্যমে পদায়ন হওয়ায় অনেক শিক্ষক নিজ বাড়ি থেকে দূরে এবং দুর্গম এলাকায় কর্মস্থল পেয়েছেন। ফলে যাতায়াত, বাসস্থান, পারিবারিক দায়িত্ব পালন ও নিরাপত্তা নিয়ে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের।

বিশেষ করে চর ও হাওরাঞ্চলের মতো যোগাযোগব্যবস্থা অনুন্নত এলাকায় কর্মরত শিক্ষকদের ভোগান্তি বেশি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এসব সমস্যা বিবেচনায় নিয়ে পারস্পরিক বদলির নিয়ম সহজ করা এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

শিক্ষকদের পারস্পরিক বদলির দাবি প্রসঙ্গে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, যেসব স্থানে পদ শূন্য ছিল, সেসব জায়গাতেই শিক্ষকদের পদায়ন করা হয়েছে। প্রার্থীদের ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী যে বিদ্যালয়গুলোতে পদ খালি ছিল, সেখানেই তাদের পদায়ন করা হয়েছে।তিনি আরও বলেন, “তারপরও যদি প্রার্থীরা জোরালো দাবি জানায়, তাহলে বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে নারী শিক্ষকদের যাতায়াত, নিরাপত্তা ও পারিবারিক দায়িত্বের বিষয়গুলো মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। শিক্ষকদের মতে, পারস্পরিক বদলির ক্ষেত্রে সহজ নিয়ম বা অগ্রাধিকার চালু করা হলে নারী শিক্ষকদের কর্মস্থলসংক্রান্ত সমস্যা অনেকটাই কমতে পারে।

শিক্ষকদের দাবি, দূরবর্তী কর্মস্থলে যাতায়াতের ভোগান্তি কমলে তারা মানসিকভাবে স্বস্তিতে থেকে শ্রেণিকক্ষে পাঠদানে আরও মনোযোগ দিতে পারবেন। এতে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশেও ইতিবাচক প্রভাব পড়বে।

বিজ্ঞপ্তিতে শিক্ষকরা বলেন, লটারিতে পদায়ন পাওয়া শিক্ষকদের জন্য স্বচ্ছ, সহজ ও দ্রুত পারস্পরিক বদলির ব্যবস্থা চালু করা হলে কর্মজীবনের শুরুতেই অনেক অনাকাঙ্ক্ষিত ভোগান্তি কমবে। একই সঙ্গে নারী শিক্ষকদের বাস্তব সমস্যা, নিরাপত্তা ও পারিবারিক পরিস্থিতি বিবেচনায় নিলে তারা আরও মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পাঠদানে যুক্ত হতে পারবেন।

শিক্ষকদের পারস্পরিক সম্মতি এবং বাস্তব সমস্যাগুলো বিবেচনায় নিয়ে দ্রুত মিউচুয়াল ট্রান্সফারের সুযোগ চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে