ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না যে ইসলামী দল

২০২৬ জুলাই ২০ ১৭:৪২:৫৯
প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না যে ইসলামী দল

নিজস্ব প্রতিবেদক: যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দল ও জোটগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠক সরকার গঠনের পর মিত্রদের সঙ্গে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

তবে গুরুত্বপূর্ণ এ বৈঠকে অংশ নিচ্ছে না বিএনপির দীর্ঘদিনের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ পেলেও দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তারা বৈঠকে যোগ দিচ্ছেন না।

সোমবার দুপুরে তিনি বলেন, শরিক দল হিসেবে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বর্তমান রাজনৈতিক অবস্থান বিবেচনায় দল বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই সিদ্ধান্তের পেছনের নির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জমিয়তে উলামায়ে ইসলামকে চারটি আসন ছেড়ে দিয়েছিল। আসনগুলো হলো নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ এবং ব্রাহ্মণবাড়িয়া-২। এসব আসনে যথাক্রমে দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী এবং জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করলেও কেউই জয়লাভ করতে পারেননি।

জমিয়তের নেতাদের অভিযোগ, সরকার গঠনের পর থেকে বিএনপি তাদের আগের মতো গুরুত্ব দিচ্ছে না। নির্বাচনের পর শরিক দল হিসেবে তাদের সঙ্গে কার্যকর কোনো যোগাযোগ রাখা হয়নি বলেও তারা দাবি করছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনের পর বিএনপির পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। এমনকি সৌজন্য সাক্ষাৎ বা কুশল বিনিময়ের উদ্যোগও নেওয়া হয়নি। তার অভিযোগ, জোটের অন্যান্য শরিককে গুরুত্ব দেওয়া হলেও জমিয়তকে ধারাবাহিকভাবে উপেক্ষা করা হয়েছে।

অন্যদিকে, বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সব মিত্র দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নিয়ে মতবিনিময়ের উদ্দেশ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। শুধু বর্তমান শরিকরাই নন, নির্বাচনের আগে নিজেদের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেওয়া নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্রগুলোর ভাষ্য, পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নির্ধারণই এই বৈঠকের মূল উদ্দেশ্য। তবে গুরুত্বপূর্ণ শরিক জমিয়তের অনুপস্থিতি বৈঠককে ঘিরে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে