ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬

দল থেকে বাদ পড়ে আত্মহত্যার চেষ্টা জাতীয় দলের ক্রিকেটারের

২০২৬ জুলাই ০৬ ১৮:৩৬:৩২
দল থেকে বাদ পড়ে আত্মহত্যার চেষ্টা জাতীয় দলের ক্রিকেটারের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দলের চূড়ান্ত ক্যাম্প থেকে বাদ পড়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার ইশমা তানজিম। তিনি দাবি করেছেন, পুরোপুরি ফিট থাকা সত্ত্বেও ইনজুরির অজুহাতে তাকে ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের ভেতরে বিরূপ পরিবেশের মুখোমুখি হওয়ার অভিযোগও তুলেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে নারী ইমার্জিং দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে। প্রথম ধাপের ২৭ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেলেও দ্বিতীয় ধাপের ২১ সদস্যের চূড়ান্ত ক্যাম্পে সুযোগ পাননি ইশমা তানজিম। এরপর মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে তিনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন।

ইশমার দাবি, দল থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে ফিটনেস সমস্যার কথা বলা হলেও তিনি খেলতে প্রস্তুত ছিলেন। তার ভাষ্য, গোড়ালিতে পুরোনো একটি চোট থাকলেও সেটি খেলার পথে বাধা ছিল না। তবে ওই চোটকেই অজুহাত হিসেবে দেখিয়ে তাকে পরবর্তী ক্যাম্পের জন্য অনুপযুক্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দলের ভেতরে বিভিন্ন ধরনের বিরূপ পরিস্থিতির শিকার হয়েছেন।

আত্মহত্যার চেষ্টার পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে শারীরিক অবস্থার উন্নতি হলে পরে তাকে বাসায় নেওয়া হয়। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইশমা বলেন, ক্রিকেটকে তিনি ভালোবেসেই খেলেছেন এবং কখনো অর্থ উপার্জনের জন্য খেলেননি। জাতীয় দলের হয়ে অভিষেকের স্মৃতিচারণ করে তিনি জানান, সেই মুহূর্তের ছবিও তার কাছে নেই, যা তাকে আরও কষ্ট দেয়।

জানা গেছে, গত শুক্রবার (৩ জুলাই) আত্মহত্যার চেষ্টার পর রোববার তার জ্ঞান ফেরে।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন। তবে বিসিবির একটি সূত্রের দাবি, ফিটনেসজনিত কারণেই ইশমা তানজিমকে ইমার্জিং দলের চূড়ান্ত ক্যাম্পে রাখা হয়নি।

উল্লেখ্য, ২৯ বছর বয়সী ইশমা তানজিম বাংলাদেশের জাতীয় নারী দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে