ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬

স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান

২০২৬ জুলাই ০২ ১৮:১৪:১২
স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: ডিআর কঙ্গোর বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের দারুণ জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ইংল্যান্ড।এবার তাদের সামনে আরও কঠিন পরীক্ষা। বাংলাদেশ সময় আগামী সোমবার (৬ জুলাই) সকালে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে সহ-আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে টমাস টুখেলের দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে।

নিজেদের মাঠে মেক্সিকোর রেকর্ড ঈর্ষণীয়। আজটেকায় টানা ২৫ ম্যাচ অপরাজিত স্বাগতিকরা। সর্বশেষ তারা এই ভেন্যুতে হেরেছিল ২০১৩ সালের সেপ্টেম্বরে।

কঠিন এই চ্যালেঞ্জের আগে সমর্থকদের পাশে চাইছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। বিশেষ করে শিশু সমর্থকদের উপস্থিতি ও সমর্থনকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।

তবে সমস্যা হলো, ম্যাচটি ইংল্যান্ড সময় রাত ১টায় শুরু হবে। ফলে শিশুদের খেলা দেখা নিয়ে প্রশ্ন ওঠে—পরদিন তো তাদের স্কুলে যেতে হবে।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাস্যরসের সুরে টুখেল বলেন, "স্কুলের জন্য একটি অজুহাতপত্র লিখে দিন। তারপর ওদের খেলা দেখতে দিন। স্কুলে যাওয়ার সুযোগ অনেক আসে, কিন্তু বিশ্বকাপ আসে চার বছর পরপর। এই ম্যাচে আমাদের সবার সমর্থন দরকার, বিশেষ করে শিশুদের।"

এবারের বিশ্বকাপে এখনো একটিও গোল হজম করেনি মেক্সিকো। গ্রুপ পর্বের তিন ম্যাচে ক্লিন শিট রাখার পর রাউন্ড অব ৩২-এ ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয় তারা। বজ্রঝড়ের কারণে ম্যাচটি এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল।

মেক্সিকোর খেলা নিয়ে টুখেল বলেন, "আবহাওয়ার কারণে ম্যাচটি দেরিতে শুরু হয়েছিল। আমি প্রথমার্ধ দেখেই ঘুমিয়ে পড়েছিলাম। পরে ফলাফল দেখলাম, তারা আবারও গোল না খেয়েই জিতেছে। তাদের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই কঠিন চ্যালেঞ্জ হবে।"

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে