ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬

অস্ট্রেলিয়ায় মাদক পাচারের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

২০২৬ জুন ১৯ ১৫:০৪:২১
অস্ট্রেলিয়ায় মাদক পাচারের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঘানা থেকে অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মেথামফেটামিন পাচারের অভিযোগে ব্রিটিশ অভিনেত্রী এমা হুসেন-কে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) তাকে সিডনির একটি আদালতে হাজির করা হয়।

পুলিশের অভিযোগ, ঘানা থেকে সিডনি বন্দরে আসা দুটি শিপিং কনটেইনারে প্রায় ৩২০ কেজি মেথামফেটামিন লুকিয়ে আনা হয়েছিল। কনটেইনারগুলোতে কাঠকয়লার ব্যাগ থাকার কথা থাকলেও এক্স-রে পরীক্ষায় মাদকের উপস্থিতি ধরা পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। ঘটনার তদন্ত শুরু হয় চলতি বছরের এপ্রিল মাসে।

তদন্তের অংশ হিসেবে পুলিশ কনটেইনার থেকে মাদক সরিয়ে ফেলে এবং চালানটি নির্ধারিত গুদামে পৌঁছাতে দেয়। অভিযোগ রয়েছে, অভিনেত্রী এমা হুসেন ওই গুদামে উপস্থিত থেকে কনটেইনার খোলার কার্যক্রম তদারকি করেন।

পরে কয়েকটি ব্যাগ একটি বাড়িতে নেওয়া হলে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি (ইলেকট্রনিক ডিভাইস) ও একটি নোটবুক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আদালত এর আগে তার জামিন আবেদন নামঞ্জুর করেছে। আগামী আগস্টে তাকে পুনরায় আদালতে হাজির করা হবে।

অভিনেত্রী এমা হুসেন ব্রিটিশ টেলিভিশন সিরিজ ই২০-এ অভিনয় করেছেন। এছাড়া ২০১৩ সালের চলচ্চিত্র হামিংবার্ড এও তার অভিনয়ের তথ্য রয়েছে, যেখানে অভিনয় করেছিলেন জেসন স্ট্যাথাম ।

এদিকে একই তদন্তের অংশ হিসেবে দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড থেকে আরও এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভুয়া পরিচয়ে স্টোরেজ ইউনিট ভাড়া নিয়ে মাদক লুকিয়ে রাখার অভিযোগ আনা হয়েছে।

অস্ট্রেলিয়ান সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, চোরাচালানকারীরা কাঠকয়লার মতো সাধারণ পণ্যের আড়ালে মাদক পরিবহনের চেষ্টা করলেও নিরাপত্তা তল্লাশিতে তা শনাক্ত করা সম্ভব হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে