ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬

হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা

২০২৬ জুন ১৯ ১৫:০১:২২
হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা

নিজস্ব প্রতিবেদক: সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার একটি নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (১৯ জুন) বুর্গেনস্টক রিসোর্টে দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে যে আলোচনা হওয়ার কথা ছিল, তা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে হোয়াইট হাউসের এক মুখপাত্র নিশ্চিত করেন যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার নির্ধারিত সুইজারল্যান্ড সফর বাতিল করেছেন। সম্ভাব্য এই বৈঠকে তার অংশ নেওয়ার কথা ছিল।

সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক সমঝোতা বাস্তবায়ন এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করার পরিকল্পনা ছিল। তবে আলোচনার কাঠামো ও পরবর্তী পদক্ষেপ নিয়ে এখনও পূর্ণাঙ্গ সমঝোতা না হওয়ায় বৈঠক এবং সফর উভয়ই স্থগিত করা হয়েছে।

কবে এই বৈঠক অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো নতুন তারিখ ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট পক্ষগুলো পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকে সম্মতির খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, উভয় পক্ষ সরাসরি উপস্থিত না থেকে ডিজিটাল পদ্ধতিতে ওই সমঝোতায় অংশ নেয়।

সমঝোতার আলোচ্য বিষয়গুলোর মধ্যে হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখা এবং ইরানের ওপর আরোপিত কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয় অন্তর্ভুক্ত ছিল বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে