ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬

মোদিকে রুটি-লবণ দিয়ে স্বাগত, এর পেছনের রহস্য

২০২৬ জুন ১৫ ১৫:৫৯:১৭
মোদিকে রুটি-লবণ দিয়ে স্বাগত, এর পেছনের রহস্য

নিজস্ব প্রতিবেদক: ইউরোপ সফরের অংশ হিসেবে স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশটির প্রাচীন ঐতিহ্য অনুযায়ী রুটি ও লবণ দিয়ে স্বাগত জানানো হয়। উষ্ণ অভ্যর্থনার এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিমানবন্দরে ঐতিহ্যবাহী পোশাক পরিহিত শিল্পীরা লোকনৃত্য পরিবেশন করেন। পাশাপাশি স্লাভিক সংস্কৃতির অন্যতম পরিচিত আতিথেয়তার প্রতীক হিসেবে মোদির হাতে তুলে দেওয়া হয় রুটি ও লবণ।

স্লাভিক সংস্কৃতিতে অতিথিকে রুটি ও লবণ দিয়ে বরণ করার ইতিহাস শত শত বছরের পুরোনো। এটি শুধু আতিথেয়তার প্রকাশ নয়, বরং সম্মান, বন্ধুত্ব, সমৃদ্ধি এবং পারস্পরিক বিশ্বাসের প্রতীক হিসেবেও বিবেচিত হয়।

এই রীতিতে সাধারণত ঐতিহ্যবাহী পোশাক পরা তরুণীরা একটি বড় গোলাকার রুটি নিয়ে আসেন। রুটিটি রাখা হয় ‘রুশনিক’ নামের সূচিকর্ম করা কাপড়ের ওপর। পাশে বা রুটির ওপরে রাখা থাকে একটি ছোট পাত্রে লবণ।

অতিথি রুটির একটি অংশ ছিঁড়ে তাতে লবণ লাগিয়ে খেলে তা আয়োজকের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক হিসেবে ধরা হয়।

স্লাভিক সংস্কৃতিতে রুটি জীবনের প্রতীক। এটি সুখ, সমৃদ্ধি এবং খাদ্যের প্রাচুর্যের বার্তা বহন করে। অন্যদিকে অতীতে লবণ ছিল অত্যন্ত মূল্যবান পণ্য। ফলে এটি আন্তরিকতা, বন্ধুত্ব এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

লোকবিশ্বাস অনুযায়ী, লবণ অশুভ শক্তি ও দুর্ভাগ্য থেকেও সুরক্ষা দেয়।

ব্রাতিস্লাভায় পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি বলেন, “রুটি ও লবণ দিয়ে আমাকে স্বাগত জানানো হয়েছে। এটি স্লোভাকিয়ার সংস্কৃতি ও তাদের বন্ধুত্বপূর্ণ মনোভাবের সুন্দর পরিচয়।”

আরেক পোস্টে তিনি স্লোভাকিয়ার মিয়াভা অঞ্চলের লোকনৃত্য দল ‘কোপানিচিয়ারিক’-এর পরিবেশনার প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের ঐতিহ্য একটি দেশের ইতিহাস ও সংস্কৃতিকে জীবন্ত রাখে।

রবিবার সন্ধ্যায় তিন দিনের সফরে ব্রাতিস্লাভায় পৌঁছান মোদি। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। ১৯৯৩ সালে দেশটি স্বাধীন হওয়ার পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফর করছেন।

সফরকালে মোদি প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ও প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনির সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন, অটোমোবাইল শিল্প, রেলওয়ে উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয় গুরুত্ব পাবে।

কুলসুম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে