ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬

দেশে ফিরেই সাংবাদিকদের এড়িয়ে গেলেন উপদেষ্টা

২০২৬ জুন ১৫ ১২:০৩:১৫
দেশে ফিরেই সাংবাদিকদের এড়িয়ে গেলেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ভারতের রাজধানী দিল্লিতে বিমানবন্দরে হয়রানির শিকার হওয়ার পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। তবে ঢাকায় ফিরে তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।

সোমবার (১৫ জুন) সকাল সোয়া ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। দিল্লি বিমানবন্দরের ঘটনায় তার বক্তব্য জানতে সকাল থেকেই সাংবাদিকরা বিমানবন্দরের ভিআইপি গেটে অপেক্ষা করছিলেন। কিন্তু তিনি কোনো মন্তব্য না করেই দ্রুত সেখান থেকে চলে যান।

জানা গেছে, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে দিল্লি গিয়েছিলেন ড. জাহেদ উর রহমান। রোববার (১৪ জুন) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি ইমিগ্রেশন জটিলতায় পড়েন।

সরকারের একাধিক সূত্রের দাবি, সাধারণ পাসপোর্ট ব্যবহার করে ভারতে প্রবেশের চেষ্টা করলে ইমিগ্রেশনে তাকে আটকে রাখা হয়। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তিনি বিরক্ত হয়ে পাসপোর্ট ফেরত চান এবং ভারতে প্রবেশ না করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

সূত্র আরও জানায়, পরবর্তীতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রবেশের অনুমতি দিতে আগ্রহ প্রকাশ করলেও তিনি আর দিল্লিতে প্রবেশ করেননি। পুরো ঘটনায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

দিল্লি বিমানবন্দরের এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক মহলেও আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ড. জাহেদ উর রহমান প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

কুলসুম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে