ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন এক লাফে বাড়ল

২০২৬ জুন ০৮ ১১:২৫:৩০
মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন এক লাফে বাড়ল

নিজস্ব প্রতিবেদক: মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সহকারী একান্ত সচিবদের (এপিএস) বেতন পুনর্নির্ধারণ করেছে সরকার। একই সুবিধা মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের এপিএস এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

এ বিষয়ে নতুন বেতন কাঠামো নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ।

চিঠিতে বলা হয়েছে, সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের (সমমর্যাদাসহ) এপিএস এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের পিএসদের বেতন নবম গ্রেডের অষ্টম ধাপে নির্ধারণ করা হয়েছে। এতে তাদের মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা।

এর আগে এপিএসরা নবম গ্রেডের প্রাথমিক ধাপে ২২ হাজার টাকা মূল বেতনে নিয়োগ পেতেন। তবে বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত ইনক্রিমেন্ট যোগ করে বেতন নির্ধারণের সুযোগ ছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩১ মার্চ এ বিষয়ে মতামত চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠায়। এর পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ নতুন বেতন কাঠামো চূড়ান্ত করে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এপিএস ও পিএসদের মূল বেতন ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারিত থাকবে এবং এ বেতনের ওপর কোনো বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না। তবে বিধি অনুযায়ী তারা অন্যান্য ভাতা ও সুবিধা পাবেন।

অর্থ বিভাগ আরও জানিয়েছে, এই পদে নিয়োগপ্রাপ্তরা পেনশন, আনুতোষিক (গ্র্যাচুইটি) কিংবা ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড) সুবিধার আওতায় থাকবেন না।

তবে এই সুবিধা শুধুমাত্র সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এপিএস ও পিএসদের জন্য প্রযোজ্য। যদি কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী এপিএস পদে একজন সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেন, তাহলে তিনি এ নতুন বেতন কাঠামোর আওতায় পড়বেন না।

আনন্দ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে