ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬

ভেঙে পড়লেন রামিসার বাবা, দিলেন কঠিন বার্তা

২০২৬ জুন ০৬ ১৫:১২:২৯
ভেঙে পড়লেন রামিসার বাবা, দিলেন কঠিন বার্তা

নিজস্ব প্রতিবেদক: একই ভবনের দুটি ফ্ল্যাটের দূরত্ব মাত্র তিন ফুট হলেও সেই অল্প দূরত্বেও নিজের সন্তানকে নিরাপদ রাখতে না পারার বেদনা ও ক্ষোভ প্রকাশ করেছেন ধর্ষণের পর হত্যার শিকার আট বছরের শিশু রামিসা আক্তারের বাবা আব্দুল হান্নান মোল্লা।

শনিবার (৬ জুন) রাজধানীতে আয়োজিত ‘বাংলাদেশে শিশু নির্যাতন বৃদ্ধি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “৩ ফুটের মধ্যেও শিশুর নিরাপত্তা নেই।” তিনি মনে করেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু রাষ্ট্র নয়, পরিবার, প্রতিবেশী ও সমাজ—সবারই দায়িত্ব রয়েছে।

তিনি আরও বলেন, তার সন্তান সমাজের নৃশংসতার শিকার হয়েছে, যার দায় শুধু পরিবারের নয়, রাষ্ট্র ও সমাজকেও নিতে হবে। একই সঙ্গে তিনি রামিসা হত্যার দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান।

এদিকে শিশু রামিসা আক্তার হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৭ জুন। বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত যুক্তিতর্ক শুনানি শেষে এ দিন নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষ আদালতে দাবি করেছে, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। অন্যদিকে আসামিপক্ষ দাবি করেছে, ডিএনএ পরীক্ষা ও সিসিটিভি ফুটেজ ছাড়া অভিযোগ প্রমাণ হয়নি, তাই আসামিদের খালাস দেওয়া উচিত।

আদালত সূত্রে জানা যায়, এ মামলায় মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্যতে ঘটনার বিস্তারিত, সন্দেহভাজন শনাক্তকরণ, আলামত উদ্ধার এবং মরদেহ উদ্ধারের বিষয় উঠে এসেছে। একই সঙ্গে প্রধান আসামির পলায়নে সহায়তার অভিযোগ সম্পর্কেও বক্তব্য পাওয়া গেছে।

রায় ঘোষণার অপেক্ষায় এখন পরিবার ও স্থানীয়রা ন্যায়বিচারের দিকে তাকিয়ে আছেন।

মুহাম্মদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে