ঢাকা, বুধবার, ২৭ মে ২০২৬

১৪ বছর পর ইতিহাস গড়লেন বাংলাদেশি নারী নুরুন্নাহার নিম্নি

২০২৬ মে ২৭ ১০:৪০:৩৪
১৪ বছর পর ইতিহাস গড়লেন বাংলাদেশি নারী নুরুন্নাহার নিম্নি

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন নুরুন্নাহার নিম্নি। এর মাধ্যমে তিনি বাংলাদেশের তৃতীয় নারী এভারেস্টজয়ী হিসেবে ইতিহাসে নাম লেখালেন।

বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) বুধবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নুরুন্নাহারের এভারেস্ট জয়ের বিষয়টি নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছান নুরুন্নাহার নিম্নি। অভিযান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘8K Expedition’-এর অ্যাঙ তেম্বা শেরপা আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০১২ সালের ১৯ মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে শিখরে ওঠেন ওয়াসফিয়া নাজরীন। এরপর দীর্ঘ ১৪ বছর পর আবারও কোনো বাংলাদেশি নারী এভারেস্টের চূড়ায় পৌঁছালেন।

গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালের উদ্দেশে রওনা হন নিম্নি। কাঠমান্ডু ও লুকলা হয়ে পৌঁছান এভারেস্ট বেজক্যাম্পে। সেখানে ধাপে ধাপে উচ্চতাজনিত পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেন তিনি।

গত ১৭ মে চূড়ান্ত অভিযানের জন্য বেজক্যাম্প ত্যাগ করেন নিম্নি। ২৩ মে ক্যাম্প-৪ এ পৌঁছে শিখরের উদ্দেশে যাত্রা করলেও প্রতিকূল আবহাওয়ার কারণে ফিরে আসতে বাধ্য হন। পরে অনুকূল আবহাওয়ার অপেক্ষায় কয়েকদিন ক্যাম্প-২ এ অবস্থান করেন।

২৫ মে নতুন করে যাত্রা শুরু করে মঙ্গলবার আবার ক্যাম্প-৪ এ পৌঁছান তিনি। সেখান থেকেই সন্ধ্যায় চূড়ান্ত আরোহন শুরু করে বুধবার ভোরে এভারেস্টের চূড়ায় ওঠেন।

বর্তমানে নুরুন্নাহার নিম্নি পূবালী ব্যাংক পিএলসির জেনারেল ব্যাংকিং বিভাগে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। তার এই অভিযানের স্পনসরও ছিল প্রতিষ্ঠানটি।

রংপুরে বেড়ে ওঠা নিম্নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয় জীবনে চন্দ্রনাথ পাহাড়ে ফিল্ডওয়ার্কে গিয়ে পাহাড়ের প্রতি তার আগ্রহ তৈরি হয়। পরে বান্দরবানের পাহাড়ে ভ্রমণ, ভুটান, সিকিম ও নেপালে ট্রেকিংয়ের অভিজ্ঞতা তাকে পর্বতারোহণে অনুপ্রাণিত করে।

২০২০ সালে এভারেস্ট বেজক্যাম্প ট্রেকের অভিজ্ঞতার পর তিনি পেশাদারভাবে পর্বতারোহণ শুরু করেন। ২০২২ সালে ভারতের দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ নেন এবং একই বছর বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবে যুক্ত হন।

বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম ২০১০ সালের ২৩ মে শিখরে ওঠেন। এরপর এমএ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন, বাবর আলী ও ইকরামুল হাসান শাকিলসহ আরও কয়েকজন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন। এবার বাংলাদেশ থেকে একমাত্র অভিযাত্রী হিসেবে সেই গৌরব অর্জন করলেন নুরুন্নাহার নিম্নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে