ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ভারতের তেল আমদানি নিয়ে ট্রাম্প প্রকাশ করলেন নতুন তথ্য

২০২৬ ফেব্রুয়ারি ০১ ১৭:১৮:৩৪
ভারতের তেল আমদানি নিয়ে ট্রাম্প প্রকাশ করলেন নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক : ভারতের তেল আমদানির বিষয়ে নতুন তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ভারত এখন ইরানের পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল আমদানি শুরু করবে।রোববার (১ ফেব্রুয়ারি) আলজাজিরা–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল বিমান এয়ার ফোর্স ওয়ান–এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,“ভারত আমাদের সঙ্গে এগিয়ে আসছে। তারা ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে। আমরা ইতোমধ্যে এই চুক্তির প্রাথমিক পর্যায়ে পৌঁছেছি।”

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভারত দীর্ঘদিন ধরে ইরান থেকে উল্লেখযোগ্য পরিমাণ তেল আমদানি বন্ধ রেখেছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার তেলের দাম কমে গেলে ভারত সেখান থেকে বড় পরিসরে তেল আমদানি শুরু করে।

তবে ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে ভারতের ওপর চাপ সৃষ্টি করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত আগস্টে ইউক্রেন যুদ্ধ নিয়ে মস্কোকে আলোচনায় বসতে বাধ্য করার কৌশলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়।

পরবর্তীতে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, ভারতের রুশ তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে।

এদিকে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে চলতি বছরের মার্চে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল ক্রয়কারী দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। এর আগে গত বছর ভারতকেও একই ধরনের শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছিল।

আলজাজিরা আরও জানিয়েছে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলার তেল খাতের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। এর ফলে মার্কিন কোম্পানিগুলোর জন্য ভেনেজুয়েলার তেল বিক্রি আরও সহজ হবে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, এই পদক্ষেপ ভেনেজুয়েলা থেকে বিদ্যমান তেল সরবরাহ অব্যাহত রাখতে সহায়ক হবে এবং শিগগিরই নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে আরও ঘোষণা আসতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে