×
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে সরে আসছেন শেখ হাসিনা

২০২৬ নভেম্বর ২৯ ১৭:৪৭:৩৪
১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে সরে আসছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে শেখ হাসিনা একপ্রকার সরে এসেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর মতে, বিজয় দিবসে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যে আগের মতো নির্দিষ্ট করে ১৬ ডিসেম্বরের কথা বলা হয়নি।

রোববার (২৯ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন রাশেদ খাঁন। পোস্টে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবুল আরাফাতের একটি ভিডিও যুক্ত করেন তিনি।

রাশেদ খাঁন লেখেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেছেন এম এ আরাফাত। এ প্রসঙ্গে তিনি বলেন, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসবে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের সুরও তত পরিবর্তন হবে।

পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, আগের রাতে ফেসবুক লাইভের অডিওবার্তায় শেখ হাসিনা বলেছেন, তিনি সবকিছু কিনে গুছিয়ে রেখেছেন এবং সুযোগ পেলে দেশে যাবেন। তবে ১৬ ডিসেম্বরই দেশে ফিরবেন—এমন কথা তিনি স্পষ্ট করে বলেননি বলে মন্তব্য করেন রাশেদ।

এ ছাড়া পোস্টে দেশে অগ্নিসংযোগ ও সহিংসতায় জড়িতদের উদ্দেশে সতর্কবার্তা দেন রাশেদ খাঁন। তাঁর দাবি, সবাই ভারতে পালিয়ে যেতে পারবেন না। শেখ হাসিনার অডিও বক্তব্যের পর সহিংসতা থেকে সরে আসার আহ্বানও জানান তিনি।

এর আগে ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য তিনি রাষ্ট্রীয় বিমান চেয়েছেন বলেও আলোচনা তৈরি হয়। তবে তাঁর দেশে ফেরার বিষয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত বা সময়সূচি প্রকাশিত হয়নি।

এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হবে। ফলে তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে