×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক

২০২৬ নভেম্বর ২৬ ১০:৩৬:২০
‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে ‘এই রকম উস্কানিমূলক আবহাওয়ায় ভুনা কিশোরী, থুক্কু খিচুড়ি খেতে ইচ্ছে করছে’—এমন পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েছেন রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল কিবরিয়া। পোস্টটি ঘিরে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেলে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন ওই শিক্ষক। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছে কলেজ প্রশাসন।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্টটি করেন জুয়েল কিবরিয়া। আবহাওয়ার প্রসঙ্গ টেনে খিচুড়ির সঙ্গে ‘কিশোরী’ শব্দটি ব্যবহার করেন তিনি। পোস্টটি প্রকাশের কিছুক্ষণ পর মুছে ফেললেও এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় রাজশাহী কলেজের শিক্ষার্থী আহাম্মদ জুবাইর ফেসবুকে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। তিনি ওই শিক্ষকের পোস্টের সমালোচনা করে শিক্ষার্থীদের প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রশ্ন তোলেন, অন্য কোনো বিভাগের শিক্ষক বা ধর্মীয় ব্যক্তিত্ব এমন পোস্ট দিলে প্রতিক্রিয়া একই রকম হতো কি না।

তানভীরুজ্জামান তানভীর নামের আরেক শিক্ষার্থীও ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিবাদ জানান। তিনি ওই শিক্ষকের এমন মন্তব্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি কলেজের মর্যাদা রক্ষায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

রাজশাহী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর মো. ইমন শেখও বিষয়টি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লেখেন, দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষক হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আপত্তিকর পোস্ট করা প্রত্যাশিত নয়। শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে শালীনতা, নৈতিকতা ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন। তাই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি নিয়ে নানা ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ শিক্ষকের বক্তব্যের সমালোচনা করেছেন, আবার কেউ কলেজ প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীদেরও প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। এসব প্রতিক্রিয়ায় বিতর্ক আরও ছড়িয়ে পড়ে।

তবে সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করে ক্ষমা চেয়েছেন সহকারী অধ্যাপক জুয়েল কিবরিয়া। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, কয়েক দিন আগে বৃষ্টিস্নাত দিনে আবেগের বশে অথবা মজা করতে গিয়ে খিচুড়ির সঙ্গে মিলিয়ে ‘কিশোরী’ শব্দটি ব্যবহার করেছিলেন। এতে অনেকের অনুভূতিতে আঘাত লাগায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।

তিনি আরও বলেন, নিজের পেশা ও মর্যাদার সঙ্গে এ ধরনের রসিকতা শোভনীয় নয় বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে দিয়েছিলেন। ভবিষ্যতে এ ধরনের নেতিবাচক পোস্ট আর করবেন না বলেও অঙ্গীকার করেন তিনি।

এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী বলেন, তিনি ওই শিক্ষকের ফেসবুক পোস্টটি দেখেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

ইকরামা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে