×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ভারতীয় গনমাধ্যামের সংবাদ নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য

২০২৬ নভেম্বর ২৩ ১৪:০৯:১১
ভারতীয় গনমাধ্যামের সংবাদ নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নড়াইলে শত শত হিন্দু পরিবারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের খবর প্রচারকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন দাবির প্রতিবাদ জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক পিনাকী ভট্টাচার্য। তার দাবি, নড়াইলে ২০০ থেকে ৩০০ হিন্দু পরিবারের বাড়িতে হামলার যে খবর ছড়ানো হয়েছে, তা বাস্তব ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং একটি রাজনৈতিক হামলাকে সাম্প্রদায়িক রূপ দিয়ে অতিরঞ্জিতভাবে প্রচার করা হচ্ছে।

ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম এবিপি আনন্দসহ কয়েকটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নড়াইলে হিন্দু ও আওয়ামী লীগ সমর্থকদের প্রায় ২০০টি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের খবর প্রচার করা হয়েছে।

এবিপি আনন্দের একটি প্রতিবেদনের শিরোনামে বলা হয়, ‘দাউ দাউ করে জ্বলছে হিন্দুদের ঘর, পুড়ে খাক আওয়ামী লিগ সমর্থকদের বাড়ি, হাড়হিম করা কাণ্ড বাংলাদেশে’। ওই প্রতিবেদনে বিএনপি ও জামায়াত সমর্থকদের বিরুদ্ধে হিন্দু ও আওয়ামী লীগ সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ তোলা হয়।

এ ছাড়া আওয়ামী লীগের অফিশিয়াল পেজসহ বিভিন্ন আওয়ামী লীগপন্থী সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে ২০০ থেকে ৩০০ হিন্দু পরিবারের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার দাবি ছড়ানো হয়েছে বলে পিনাকী ভট্টাচার্য উল্লেখ করেন।

পিনাকী ভট্টাচার্যের মতে, ভারতীয় গণমাধ্যমের এসব শিরোনামে ‘হিন্দু’ ও ‘আওয়ামী লীগ সমর্থক’ পরিচয় আলাদাভাবে তুলে ধরে পাঠকদের মধ্যে একটি নির্দিষ্ট ধারণা তৈরির চেষ্টা করা হয়েছে।

তার দাবি, এ ধরনের উপস্থাপনার মাধ্যমে আওয়ামী লীগ সমর্থকদের ওপর রাজনৈতিক কারণে হামলার ঘটনাকে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলা হিসেবে দেখানোর প্রবণতা তৈরি করা হচ্ছে। তিনি ভারতীয় গণমাধ্যমের এ ধরনের প্রচারণাকে মিথ্যাচার ও পরিকল্পিত বয়ান হিসেবে আখ্যায়িত করেছেন।

পিনাকী ভট্টাচার্য দ্য ডিসেন্ট ও রিউমার স্ক্যানারের অনুসন্ধানের বরাত দিয়ে দাবি করেন, নড়াইলে ২০০-৩০০ হিন্দু পরিবারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের খবর সঠিক নয়।

তার বক্তব্য অনুযায়ী, স্থানীয় হিন্দু নেতা অশোক ঘোষ দ্য ডিসেন্টকে জানিয়েছেন, ওই ঘটনায় প্রায় ৩৩টি বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। এর মধ্যে একটি বাড়ি ছিল হিন্দু পরিবারের, যার মালিক কৃষ্ণপদ ঘোষ। তিনি আওয়ামী লীগের পরিচিত নেতা।

অশোক ঘোষের বক্তব্য অনুযায়ী, মূল হামলার ঘটনা ঘটেছে বেন্দার চর এলাকায়, যেখানে কোনো হিন্দু পরিবার বসবাস করে না।

অন্যদিকে, নড়াইলের আরেক হিন্দু নেতা অরূপ ঘোষ রিউমার স্ক্যানারকে জানিয়েছেন, ওই ঘটনায় একটি হিন্দু বাড়িতে হামলা হয়েছে। বাড়িটি আওয়ামী লীগ নেতা কৃষ্ণপদ ঘোষের। তিনি হামলাটিকে সাম্প্রদায়িক বলে মনে করেন না; বরং কৃষ্ণপদ আওয়ামী লীগের নেতা হওয়ায় তার বাড়িতে হামলা হয়েছে বলে মনে করেন।

পিনাকী ভট্টাচার্য তার বক্তব্যে ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের ওপর বিভিন্ন হামলার ঘটনাও উল্লেখ করেন। তার অভিযোগ, ওই সময় বাংলাদেশে রাজনৈতিক হামলার ঘটনাগুলোকে ভারতীয় গণমাধ্যম ও হিন্দুত্ববাদী বিভিন্ন গোষ্ঠী সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচার করেছিল।

তিনি বিবিসি, ডয়চে ভেলে, ভয়েস অব আমেরিকা ও সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনের বরাত দিয়ে দাবি করেন, ওই সময় হামলার প্রধান লক্ষ্য ছিলেন আওয়ামী লীগের নেতা ও সমর্থকেরা এবং ক্ষতিগ্রস্তদের বড় অংশ মুসলমান ছিলেন।

সবশেষে পিনাকী ভট্টাচার্যের বক্তব্যে বলা হয়, নড়াইলে আওয়ামী লীগ নেতা কৃষ্ণপদ ঘোষের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে বড় সংখ্যক হিন্দু পরিবারের ওপর হামলার দাবি ছড়ানো হয়েছে। তার মতে, রাজনৈতিক পরিচয়ের কারণে সংঘটিত হামলাকে ধর্মীয় পরিচয়ের সঙ্গে যুক্ত করে প্রচার করায় ঘটনার প্রকৃত চিত্র আড়াল হচ্ছে।

তবে নড়াইলের ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত দাবি, স্থানীয়দের বক্তব্য ও বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য যাচাই করে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র নির্ধারণ করা জরুরি।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে