×
ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল

২০২৬ নভেম্বর ১২ ১০:৪৭:৫০
শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার তিতাস উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পদক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন ও তার এক সঙ্গিনীর উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের এমন একটি অনুষ্ঠানে তাদের অতিথি হিসেবে মঞ্চে দেখা যাওয়ায় প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। তবে আয়োজকদের দাবি, ওই দুজনকে তারা আমন্ত্রণ জানাননি। বিষয়টি জানার পরপরই তাদের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার মজিদপুর ইউনিয়নের বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বালুয়াকান্দি গ্রামের প্রবাসীদের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা পদক বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের দাতা সদস্য ও সিঙ্গাপুরপ্রবাসী মো. আক্তার হোসেন। প্রধান অতিথি ছিলেন মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তন্ময় হাসান কাজল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন।

অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন ও তার এক সঙ্গিনীর উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিশেষ করে শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাদের উপস্থিতি নিয়ে আপত্তি জানান অনেকে। ব্যবহারকারীদের একাংশের প্রশ্ন, শিক্ষার্থীদের সামনে কাদের অতিথি হিসেবে উপস্থাপন করা হচ্ছে এবং এর মাধ্যমে তাদের কাছে কী ধরনের বার্তা পৌঁছাচ্ছে?

সৈয়দ আনোয়ার নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে লেখা হয়, ‘শিক্ষার্থীদের সংবর্ধনায় টিকটকার বিতর্কিত অতিথি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী বার্তা?’ ওই পোস্টে তিনি উল্লেখ করেন, বিদ্যালয়ের অনুষ্ঠান শিক্ষার্থীদের কাছে শুধু আনন্দ বা পুরস্কার গ্রহণের উপলক্ষ নয়; বরং ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা পাওয়ারও একটি আয়োজন। এ ধরনের অনুষ্ঠানে কাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, তা শিক্ষার্থীদের চিন্তাভাবনা ও মানসিকতায় প্রভাব ফেলতে পারে।

পোস্টে আরও প্রশ্ন তোলা হয়, বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচিত ব্যক্তিদের শিক্ষার্থীদের সামনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থাপন করা হলে তারা কী বার্তা পাবে এবং ভবিষ্যতে কাদের অনুসরণ করবে।

ইয়াসিন নামের আরেক ফেসবুক ব্যবহারকারীও বিষয়টি নিয়ে সমালোচনা করেন। তার ভাষ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে আদর্শ ও নৈতিকতাসম্পন্ন ব্যক্তিদের সামনে তুলে ধরা উচিত। সুস্থ সংস্কৃতি ও নৈতিকতার চর্চার পরিবর্তে সস্তা জনপ্রিয়তাকে গুরুত্ব দেওয়া ঠিক নয়।

তবে এ বিষয়ে অনুষ্ঠানের সভাপতি মো. আক্তার হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন জানিয়েছেন, টিকটকার মামুন কিংবা তার সঙ্গিনীকে তারা ব্যক্তিগতভাবে চেনেন না। তাদের অনুষ্ঠানে আমন্ত্রণও জানানো হয়নি। তারা অনুষ্ঠানের অতিথি ছিলেন না বলেও দাবি করেন। বিষয়টি জানার পরপরই তাদের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে জানান আয়োজকেরা।

আমন্ত্রণ না জানানো হলে ওই দুজন কীভাবে অনুষ্ঠানে এলেন—এমন প্রশ্নের জবাবে সভাপতি মো. আক্তার হোসেন বলেন, সৌদি আরবে থাকা মোশাররফ নামে তাদের পরিচিত একজন হয়তো তাদের পাঠিয়েছেন।

অন্যদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি মাজেদুল ইসলাম মন্টু ও বিশেষ অতিথি তন্ময় হাসান কাজল জানান, শুরুতে তারা টিকটকার মামুনকে চিনতে পারেননি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ওই দুজন মঞ্চে এলে তাদের পরিচয় জানতে চাওয়া হয়। তখন একজন তাদের টিকটকার মামুন ও তার সঙ্গিনী হিসেবে পরিচয় করিয়ে দেন। বিষয়টি জানার পরপরই তাদের মঞ্চ থেকে নামিয়ে দিতে বলা হয়। পরে তারা মঞ্চ ছেড়ে চলে যান।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা অব্যাহত থাকলেও আয়োজকদের বক্তব্য অনুযায়ী, টিকটকার মামুন ও তার সঙ্গিনীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি এবং পরিচয় জানার পর তাদের মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে