×
ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

৬২ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী, জন্মদিনে বিএনপির বিশেষ সিদ্ধান্ত

২০২৬ নভেম্বর ২০ ১০:৫৯:০৬
৬২ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী, জন্মদিনে বিএনপির বিশেষ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ, ২০ নভেম্বর। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।

তবে দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে এবারও কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো কিংবা কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করবে না বিএনপি। গত কয়েক বছর ধরে দলটির নেতাকর্মীরা জন্মদিন পালনে আড়ম্বর এড়িয়ে চলার সিদ্ধান্ত মেনে আসছেন।

তারেক রহমানের এবারের জন্মদিন রাজনৈতিক জীবনের এক বিশেষ সময়ে এসেছে। দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরে রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার পর এখন তিনি দেশের সরকারপ্রধান। ফলে জন্মদিনটি তার রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।

জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার ও খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায় তারেক রহমানের রাজনীতিতে পথচলা। পারিবারিক পরিচিতি তাকে রাজনৈতিক অঙ্গনে পরিচিত করে তুললেও দীর্ঘ সময় ধরে নানা রাজনৈতিক প্রতিকূলতা, বিতর্ক ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে নিজের অবস্থান তৈরি করতে হয়েছে তাকে।

দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে বাংলাদেশে ফেরেন তারেক রহমান। তার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দেশে ফিরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা, গণতন্ত্র পুনরুদ্ধার ও বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন তিনি। তার প্রস্তাবিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনাও রাজনৈতিক আলোচনায় গুরুত্ব পায়।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়ী হন তারেক রহমান। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিরোধী দলের নেতা থেকে সরকারপ্রধান হয়ে ওঠার এই পরিবর্তন তার জীবনে নতুন অধ্যায় যুক্ত করেছে।

জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এছাড়া বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।

দীর্ঘ কারাবাস, প্রবাসজীবন, রাজনৈতিক নেতৃত্ব, দেশে প্রত্যাবর্তন ও নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমানের জীবনে এসেছে নানা পরিবর্তন। এবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় ৬২তম জন্মদিন পালন করছেন তিনি।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে