×
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে নতুন মোড়, অনুমোদন দিল কেন্দ্রীয় ব্যাংক

২০২৬ নভেম্বর ১৮ ১৬:৫৯:৩১
পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে নতুন মোড়, অনুমোদন দিল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের আর্থিক সংকটে থাকা পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর ফলে ব্যাংকটিকে একীভূত, পুনর্গঠন কিংবা অবসায়নের মতো পদক্ষেপ নেওয়ার পথ তৈরি হয়েছে। তবে কোন পদ্ধতিতে ব্যাংকটির ভবিষ্যৎ নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিচালনা পর্ষদ পদ্মা ব্যাংককে রেজল্যুশনের অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, রেজল্যুশনের আওতায় ব্যাংক পুনর্গঠন, একীভূতকরণসহ বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে পদ্মা ব্যাংকের ক্ষেত্রে কোন পদ্ধতি প্রয়োগ করা হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে প্রস্তাব তৈরি করে পরিচালনা পর্ষদে উপস্থাপন করবে।

এর আগে ব্যাংক রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। ওই পাঁচটি ব্যাংকে বিনিয়োগের মাধ্যমে সেগুলোকে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়। পদ্মা ব্যাংকের ক্ষেত্রেও এখন কেন্দ্রীয় ব্যাংক রেজল্যুশন প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করেছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম, দুর্নীতি ও ঋণসংক্রান্ত নানা অভিযোগের কারণে যেসব ব্যাংক গভীর সংকটে পড়ে, পদ্মা ব্যাংক তার অন্যতম। প্রতিষ্ঠার শুরু থেকেই ব্যাংকটির কার্যক্রম নিয়ে বিভিন্ন প্রশ্ন ও বিতর্ক ছিল। অভিযোগ রয়েছে, অনুমোদন পাওয়ার আগেই ব্যাংকটি কার্যালয় খুলে লোকবল নিয়োগের কার্যক্রম শুরু করেছিল।

পরবর্তী সময়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আমানত সংগ্রহ এবং ব্যাংকটির উদ্যোক্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এসব ঘটনার প্রভাব পড়ে ব্যাংকটির আর্থিক অবস্থার ওপর। প্রতিষ্ঠার চার বছর পূর্ণ হওয়ার আগেই সংকটে পড়ে ব্যাংকটি।

পরিস্থিতির অবনতি হলে ২০১৭ সালে ব্যাংকটির চেয়ারম্যানের পদ ছাড়তে বাধ্য হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। সে সময় ব্যাংকটিকে টিকিয়ে রাখতে সরকারি চারটি ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) মূলধন সহায়তা দেয়।

পরবর্তী সময়ে পদ্মা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব নেন চৌধুরী নাফিজ সরাফাত। তবে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরও ব্যাংকটির গ্রাহকদের আস্থা ফেরানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ২০২৪ সালের শুরুতে নাফিজ সরাফাতও ব্যাংকটি ছেড়ে চলে যান।

এরপর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন নীতিসহায়তা ও সুযোগ-সুবিধা দেওয়া হলেও আর্থিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংকটি।

প্রতিবেদনে উল্লেখ করা তথ্য অনুযায়ী, পদ্মা ব্যাংকের আর্থিক পরিস্থিতি বর্তমানে অত্যন্ত নাজুক। ব্যাংকটির মূলধন ঋণাত্মক এবং মোট ঋণের ৯২ শতাংশ খেলাপি। সুদ আয়ও ঋণাত্মক অবস্থায় রয়েছে। পাশাপাশি তারল্য পরিস্থিতিও সংকটাপন্ন।

অর্থাৎ মূলধন, ঋণের মান, আয় ও তারল্য—প্রায় সব গুরুত্বপূর্ণ আর্থিক সূচকেই ব্যাংকটির দুর্বলতা রয়েছে। স্বল্প সময়ের মধ্যে এ পরিস্থিতি থেকে উত্তরণের সম্ভাবনাও কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় গত বছর বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব-সাইট সুপারভিশন পদ্মা ব্যাংককে একীভূত করা বা অবসায়নের মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটিকে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার প্রস্তাব পরিচালনা পর্ষদে তোলা হয়। মঙ্গলবার সেই প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এখন পদ্মা ব্যাংকের বিভিন্ন আর্থিক সূচক পর্যালোচনার পাশাপাশি নিরীক্ষা করা হবে। ব্যাংকটির বর্তমান সংকটের জন্য কারা দায়ী, তা-ও চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে।

নিরীক্ষা প্রতিবেদনে উঠে আসা তথ্য ও সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। ফলে পদ্মা ব্যাংক শেষ পর্যন্ত একীভূত হবে, পুনর্গঠন করা হবে, নাকি অবসায়নের পথে যাবে—তা নির্ভর করছে পরবর্তী পর্যালোচনা ও বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের ওপর।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে