×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রাষ্ট্রপতিকে চিকিৎসা দিচ্ছেন চুপ্পূর ব্যক্তিগত চিকিৎসক

২০২৬ নভেম্বর ১৯ ১২:৫৪:২৭
রাষ্ট্রপতিকে চিকিৎসা দিচ্ছেন চুপ্পূর ব্যক্তিগত চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক: পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক দুই রাষ্ট্রপতি আবদুল হামিদ ও সাহাবুদ্দিন চুপ্পুর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করা কর্নেল এ কে এম ফয়জুল হক এখনো বঙ্গভবনে বহাল রয়েছেন। বিএনপি মনোনীত বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও শরীর-স্বাস্থ্য দেখাশোনা করছেন তিনি। নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে তাঁর বিষয়ে তীব্র আপত্তি থাকলেও তা আমলে নেওয়া হয়নি বলে দৈনিক আমার দেশের এক প্রতিবেদনে উঠে এসেছে।

গোপালগঞ্জের অধিবাসী কর্নেল এ কে এম ফয়জুল হক আওয়ামী লীগ আমলে বঙ্গভবনের চিকিৎসক হিসেবে নিয়োগ পান। তাঁর পরিবার ও নিকটাত্মীয়দের অনেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নীতিনির্ধারণী ও শীর্ষ পর্যায়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়:

পিতা: এ কে এম ফজলুল হক ছিলেন খুলনার সাবেক বিভাগীয় কমিশনার এবং পরবর্তীতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

খালু: সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. এ কে আব্দুল মোমেন তাঁর আপন খালু।

খালাতো বোনের জামাই: আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী ও জাপা চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তাঁর খালাতো বোনের জামাই (যিনি বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত)।

ভগ্নিপতি: শেখ হাসিনার পতনের আগে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালনকারী মাহবুবুর রহমান তাঁর ভগ্নিপতি।

গোয়েন্দা প্রতিবেদনে তিন নেতিবাচক মন্তব্য ও প্রবল আপত্তি

গত ২১ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিয়ম অনুযায়ী বঙ্গভবনের কর্মকর্তাদের বিষয়ে সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রতিবেদন নেওয়া হয়। ওই সব প্রতিবেদনের সবগুলোতেই ফয়জুল হকের বিষয়ে প্রবল আপত্তি জানিয়ে তিনটি নেতিবাচক বিষয় তুলে ধরা হয়:

১. আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে লেফটেন্যান্ট কর্নেল পদ থেকে কর্নেল পদে পদোন্নতি পান তিনি; অথচ নিয়মানুযায়ী এফসিপিএস ও এমডিসহ উচ্চতর ডিগ্রি ছাড়া কর্নেল হওয়ার সুযোগ নেই।

২. পুরো আওয়ামী লীগ সরকারের আমলেই তিনি ঢাকায় পোস্টিংয়ে ছিলেন এবং সবশেষে রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পান।

৩. তাঁর পরিবার ও নিকটাত্মীয়রা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে ও শক্তভাবে জড়িত।

এর আগে শেখ হাসিনার পতনের পর তাঁকে বঙ্গভবন থেকে অন্যত্র বদলির উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। বঙ্গভবনের এক কর্মকর্তা জানান, সাহাবুদ্দিন চুপ্পুর বিদায়ের পর ফয়জুল হক নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের ইচ্ছা প্রকাশ করেন এবং বঙ্গভবন থেকে আপত্তি না থাকায় তিনি বহাল থেকে যান।

বঙ্গভবনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আনিসুল ইসলাম মাহমুদের কোনো সুপারিশ বা প্রভাব ছিল কি না সে বিষয়ে তিনি অবগত নন। গোয়েন্দা আপত্তির পরও স্বপদে বহাল থাকার বিষয়ে তিনি বলেন, বিষয়টি আগে সেভাবে গুরুত্ব দিয়ে দেখা হয়নি; তবে ফ্যাসিস্ট আমলে দুই রাষ্ট্রপতিকে সেবা দেওয়ায় তাঁর বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনগুলো এখন খতিয়ে দেখা হচ্ছে এবং শিগগিরই ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে, জনপ্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হাসিনার পতনের পর দুই বছরের বেশি সময় ধরে যেভাবে চুপ্পু রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে সম্মানের সঙ্গে বিদায় নিয়েছেন, ঠিক একইভাবে তাঁর ব্যক্তিগত চিকিৎসকও বঙ্গভবনে বহাল আছেন; আর তাঁর পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততা ও ব্যক্তিগত মতাদর্শ বর্তমান সরকারের নীতিনির্ধারকদের অজানা নয়।

অভিযোগের বিষয়ে কর্নেল এ কে এম ফয়জুল হক বলেন, "আমি সরকারি চাকরি করছি। রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে আমাকে সরকার যখন যে দায়িত্ব দেয়, সেটা প্রতিপালন করা আমার দায়িত্ব ও কর্তব্য। আমি একজন সরকারি চাকরিজীবী, এটিই আমার বড় পরিচয়।" আত্মীয়স্বজনদের কে রাজনীতি করেন বা না করেন তা তাঁর নিজস্ব বিষয় এবং তাঁর পদোন্নতি ও পদায়ন স্বাভাবিকভাবেই হয়েছে বলে দাবি করেন তিনি। তবে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখিত সুনির্দিষ্ট অভিযোগগুলোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে