×
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সরকারি কাজ নেই, ধস নেমেছে বিবিএস ক্যাবলসের ব্যবসায়

২০২৬ নভেম্বর ১৮ ১৭:৪৭:৫৯
সরকারি কাজ নেই, ধস নেমেছে বিবিএস ক্যাবলসের ব্যবসায়

নিজস্ব প্রতিবেদক: একসময় শেয়ারবাজারের অন্যতম সম্ভাবনাময় শিল্পপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল বিবিএস ক্যাবলস পিএলসি। বছরে শতকোটি টাকার বেশি মুনাফা করা প্রতিষ্ঠানটি এখন বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে। সরকারি দরপত্র ও উন্নয়ন প্রকল্পের কাজ কমে যাওয়া, বিক্রি হ্রাস এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির চাপে ২০২৫-২৬ অর্থবছরে ১০৮ কোটি টাকা নিট লোকসান করেছে কোম্পানিটি। অথচ মাত্র কয়েক বছর আগেও প্রতিষ্ঠানটি বছরে ১৪৫ কোটি টাকা পর্যন্ত মুনাফা করেছিল।

কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বিবিএস ক্যাবলসের নিট লোকসান আগের বছরের তুলনায় ২৬ শতাংশ বেড়ে ১০৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৮ পয়সা। অন্যদিকে, কোম্পানিটির বার্ষিক আয় আগের বছরের তুলনায় ৫৮ শতাংশ কমে মাত্র ৮৮ কোটি টাকায় নেমে এসেছে।

কোম্পানিটির ব্যবসায়িক অবনতির চিত্র আরও স্পষ্ট হয়েছে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক হিসাবে। এই তিন মাসে কোম্পানিটির আয় গত বছরের একই সময়ের তুলনায় ৮৫ শতাংশ কমে ৭ কোটি ৬২ লাখ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে নিট লোকসান ৫০ শতাংশ বেড়ে হয়েছে ২৭ কোটি ৩১ লাখ টাকা। এতে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ২৯ পয়সা।

একসময় কোম্পানিটির ব্যবসার অন্যতম প্রধান উৎস ছিল বিদ্যুৎ বিভাগের বিভিন্ন প্রকল্প, বিশেষ করে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ। তবে সরকারি দরপত্র ও উন্নয়ন প্রকল্পের কাজ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় প্রতিষ্ঠানটির ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়েছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

মূল্য সংবেদনশীল তথ্যে বিবিএস ক্যাবলস জানিয়েছে, বিক্রি কমে যাওয়া, ব্যাংকঋণের সুদের হার বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার বিনিময় হারের অস্থিরতা এবং কাঁচামালের মূল্যবৃদ্ধি তাদের লোকসানের অন্যতম কারণ। পাশাপাশি সরকারি দরপত্র ও উন্নয়ন প্রকল্পের সংখ্যা কমে যাওয়ায় কোম্পানিটির ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি বাজার সংকুচিত হয়েছে।

তবে কোম্পানিটির ব্যবসায়িক পতনের পেছনে রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকারি কাজ ও চুক্তি কমে যাওয়াকেও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।

কোম্পানিটির সাবেক এক কর্মী জানিয়েছে, ২০২৩ সাল পর্যন্ত তৎকালীন রাজনৈতিক যোগাযোগের সুবাদে কোম্পানিটি বিদ্যুৎ বিভাগের জাতীয় সঞ্চালন লাইন প্রকল্পে উল্লেখযোগ্য কাজ পেত। পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সরকারি কাজের প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় কোম্পানিটির আয়ের প্রধান উৎস সংকুচিত হয় বলে ওই সাবেক কর্মীর দাবি।

তবে আশার কথা হলো, বিপুল লোকসানের মধ্যেও ২০২৫-২৬ অর্থবছরের জন্য মাত্র ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এতে বিনিয়োগকারীরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস খোঁজার চেষ্টা করছেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে