×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

লালমনিরহাটে পৌঁছেই যেসব কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী

২০২৬ নভেম্বর ১৯ ১১:১৪:৫৩
লালমনিরহাটে পৌঁছেই যেসব কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: এক দিনের সরকারি সফরে লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার পাশাপাশি পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে। এ সময় তাকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন বলে তার অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

লালমনিরহাট এয়ারফিল্ডে আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, প্রতিযোগিতার অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে দেখবেন।

সফরের অংশ হিসেবে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

খাল পুনঃখনন কর্মসূচির মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা সম্পর্কে সরাসরি জানার সুযোগ তৈরি হবে।

দিনের অন্যান্য কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি নেবেন। পরে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নকে গুরুত্ব দিয়ে সাজানো এসব কর্মসূচিতে অংশ নেওয়ার পর আজ সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে