×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

যা ঘটেছিল গোলাম মাওলা রনির সাথে নসরুল হামিদ বিপুর

২০২৬ নভেম্বর ১৯ ১১:৩০:৩৬
যা ঘটেছিল গোলাম মাওলা রনির সাথে নসরুল হামিদ বিপুর

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক অঙ্গনে বন্ধুত্ব ও বিশ্বাসের হিসাব-নিকাশ কতটা জটিল ও নাটকীয় হতে পারে, সম্প্রতি এক পডকাস্টে দেওয়া বক্তব্যে তারই চাঞ্চল্যকর উদাহরণ তুলে ধরেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। একসময় জাতীয় সংসদের পাশাপাশি আসনে বসা ঘনিষ্ঠ বন্ধু ও আওয়ামী লীগের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে তাঁর সম্পর্ক কীভাবে একটি মাত্র ফোনালাপ ও কূটনৈতিক ফাঁদের কারণে চিরতরে ভেঙে যায়, সেই রোমহর্ষক ইতিহাস খোলাখুলিভাবে জানিয়েছেন রনি।

গোলাম মাওলা রনি জানান, তৎকালীন সময়ে যখন রাষ্ট্র ও সরকার তাঁর বিরুদ্ধে অবস্থান নেয় এবং সংসদ সদস্য থাকা অবস্থাতেই তাঁকে গ্রেপ্তারের সিদ্ধান্ত হয়, তখন জেলে যাওয়ার ঠিক দুই দিন আগে নসরুল হামিদ বিপু নিজেই তাঁকে ফোন করেছিলেন। যাকে রনি চোখ বন্ধ করে বিশ্বাস করতেন, সেই বিপু ফোন করে জানতে চান রনি এখন কী করতে চান।

রনি তখন বিপুকে জানান, একজন সিটিং সংসদ সদস্য হয়েও সরকার তাঁকে চোরের মতো গ্রেপ্তার করতে চাইছে—এ অবস্থায় তাঁর কী করা উচিত বা বিপু তাঁর জায়গায় থাকলে কী করতেন? রনির ভাষ্য অনুযায়ী, তখন বিপু এক অদ্ভুত কূটনীতি করে বলেন, "তোমার জায়গায় যদি আমি হতাম, তবে আমি পদত্যাগ করতাম।"

রনি বিশ্বাস করে তাৎক্ষণিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়ে বসেন এবং এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন। কিন্তু পরবর্তীতে তিনি বুঝতে পারেন, বিপুর ঘনিষ্ঠ বন্ধু সালমান এফ রহমান চেয়েছিলেন রনি যেন সরে দাঁড়ান, আর বিপু মূলত সালমানের উদ্দেশ্য হাসিল করতেই জেনেশুনে তাঁকে বড় বিপদের দিকে ঠেলে দিয়েছিলেন।

পরদিন সংসদের সব টেলিভিশন চ্যানেলে রনির পদত্যাগের ঘোষণার লাইভ সম্প্রচার শুরু হয়। তিনি সংসদে গিয়ে তৎকালীন স্পিকার শিরীন শারমিনের সঙ্গে দেখা করেন। সে সময় তৎকালীন অভিজ্ঞ চিফ হুইপ ফিরোজ আশরাফ তাঁকে ডেকে নিয়ে সতর্ক করে বলেন, "রনি, এই ভুল কখনো কোরো না। তুমি পদত্যাগ করতে চাও? আগে জেলে যাও। একজন সংসদ সদস্য হিসেবে জেলে যাও, নতুবা তোমার জীবন বিপন্ন হতে পারে। জেল থেকে বের হয়ে আসার পর, সুস্থভাবে বিবেচনা করে তখন পদত্যাগ করতে চাইলে কোরো।"

ফিরোজ আশরাফের কথা শুনে সিদ্ধান্ত বদলান রনি। তিনি মন্তব্য করেন, “একজন বন্ধুবেশী রাক্ষস ও মানুষরূপী শয়তানের পরামর্শে আমি যে পদত্যাগের ঘোষণা দিয়েছিলাম, তা আমার জীবনের অন্যতম মারাত্মক ভুল ছিল।” রনির দাবি, সেদিন সত্যিই পদত্যাগ করলে তিনি জেল থেকে আর জীবিত বের হতে পারতেন না; কারণ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পুরো রাষ্ট্রযন্ত্র তাঁর বিরুদ্ধে এতটাই ক্ষিপ্ত ছিল যে, সংসদ সদস্য পদটি না থাকলে তাঁর প্রাণসংশয় হতো।

নসরুল হামিদ বিপুর অতীত ও পরবর্তী ভূমিকার সমালোচনা করে গোলাম মাওলা রনি জানান, টানা পাঁচ বছর সংসদে তাঁর ঠিক পাশের আসনে বসে থাকা মানুষটিকে তিনি ভদ্র ভেবে সবসময় শুভাকাঙ্ক্ষী হিসেবে সহযোগিতা ও পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তখনকার বন্ধুত্ব যে কৃত্রিম ছিল, তা তিনি বুঝতে পারেননি। রনি আরও অভিযোগ করেন, সে সময় বিপু মন্ত্রী না হলেও পরবর্তী সময়ে মন্ত্রী হয়ে তিনি পুরো একটি সিন্ডিকেটের মাধ্যমে নানা দুর্নীতি ও অপকর্ম করেছেন। আর ওই একটি ঘটনার পর থেকেই তাঁদের বন্ধুত্বের চিরতরে অবসান ঘটে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে