×
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ! 

২০২৬ নভেম্বর ১৮ ১০:৫০:৪৭
৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ! 

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে ওয়ার্ড কমিটির ৩১ নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন। চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তাঁরা এ পদক্ষেপ নেন। তবে উপজেলা বিএনপির পক্ষ থেকে পদত্যাগপত্রগুলো এখনো সাংগঠনিকভাবে গ্রহণ করা হয়নি।

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ৫১ সদস্যের কমিটির ৩১ নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন। গত সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে এসব পদত্যাগপত্র জমা দেওয়া হয়। পদত্যাগপত্রে ৩১ জনের স্বাক্ষর থাকলেও তা জমা দিতে যান ১০ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, এক বিবাহিত নারীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে গত ১৩ এপ্রিল জাবেদ হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয় ইউনিয়ন বিএনপি। পরে গত ৩১ অক্টোবর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটুর স্বাক্ষরে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন ওয়ার্ড কমিটির একাংশের নেতারা। তাঁদের দাবি, জাবেদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এর প্রতিবাদে ৫১ সদস্যের কমিটির ৩১ নেতা পদত্যাগের সিদ্ধান্ত নেন।

ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন অভিযোগ করেন, জাবেদ হোসেনের বিরুদ্ধে বিধবা ভাতা দেওয়ার কথা বলে বিভিন্ন নারীর কাছ থেকে টাকা নেওয়া, জুয়াসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নারীসংক্রান্ত অভিযোগের ঘটনায় তাঁকে আগে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তে দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি করেন তিনি।

পদত্যাগপত্র জমা দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন, সহসভাপতি মনির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম, কোষাধ্যক্ষ বাবুল, সাংগঠনিক সম্পাদক সহিদ উল্যা, সহসাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন এবং দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন। এ ছাড়া কমিটির বিভিন্ন পর্যায়ের আরও নেতারা পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন।

তবে পদত্যাগপত্রগুলো এখনো সাংগঠনিকভাবে গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘আমরা কোনো কর্মীকে হারাতে চাই না। তাঁদের পদত্যাগপত্রটি আপাতত রেখে দিয়েছি, সাংগঠনিকভাবে গ্রহণ করিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে